মহাসংকটে পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? এ প্রশ্ন শুধু সে দেশের মানুষের নয়। দক্ষিণ এশিয়া তথা আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকেরই নজর এখন চরম অস্থিতিশীলতার আবর্তে পড়া দেশটির ওপর। তবে আরও বড় প্রশ্ন হয়ে উঠেছে যা তা হলো, আর কত দিন এই সিভিল-মিলিটারি দড়ি টানাটানি চলবে? পাকিস্তানের গণতন্ত্র কি সে দেশের অসীম শক্তিশালী সেনাবাহিনীর প্রভাবমুক্ত হয়ে আদৌ পাখা মেলতে পারবে?পাকিস্তানের পরিস্থিতি নিয়ে দেশটির নানা মহলে ঘুরপাক খাচ্ছে বিভিন্ন ধরনের গুঞ্জন। তবে কোনো গুঞ্জনেই পরিণতির ব্যাপারে সুস্পষ্ট আভাস নেই।কিছু বিশ্লেষকের মতে, দেশটির শাসনক্ষমতা আবার সেই সেনাশাসকদের হাতে যাচ্ছে। এ ব্যাপারে দ্বিমত পোষণ করে কেউ কেউ বলছেন, সেনাবাহিনীর সেই সুদিন আর নেই। এখন ক্ষমতায় গেলে জনসমর্থন পাবে না তারা। বরং ব্যাপক গণবিক্ষোভের মুখে দেশে আরও বিশৃঙ্খল পরিবেশ তৈরি হবে। এটি সেনাবাহিনীও ভালো করে আঁচ করতে পারছে। এ জন্য ক্ষমতা নেওয়ার উচ্চাভিলাষ থেকে এখনো তারা দূরে।তবে বেশির ভাগ বিশ্লেষকই বলছেন, ২০১৩ সালের নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত টিকবে না ইউসুফ গিলানির সরকার। পরিণতি আগাম নির্বাচনের দিকে গড়াবে। এ থেকে ফায়দা লুটতে পারে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল মুসলিম লিগ বা রাজনীতিতে নামা সাবেক ক্রিকেট তারকা ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ। স্বেচ্ছানির্বাসন থেকে ফেরার অপেক্ষায় থাকা সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফও বিরাজমান পরিস্থিতির সুযোগে নাটকীয় কোনো ঘটনার জন্ম দিতে পারেন বলে মনে করছেন কেউ কেউ। পাকিস্তানে গত বছর পুরোটাই ছিল সহিংসতায় ভরা। বিভিন্ন স্থানে একের পর এক জঙ্গি হামলা চলেছে। দুনিয়াজুড়ে তোলপাড় তুলেছে আল-কায়েদার প্রধান ওসামা বিন লাদেন হত্যার ঘটনা। পাঞ্জাব প্রদেশের গভর্নর তাসির হত্যার ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে মৌলবাদিতার শেকড় কতটা গভীরে ছড়িয়েছে। বছরের শেষ দিকে রাজনৈতিক অস্থিরতার আগুনে ঘি ঢালে এক কথিত ‘গোপন চিঠির’ ঘটনা। অভিযোগ ওঠে, গোপন ওই চিঠিতে দেশে সেনা অভ্যুত্থানের আশঙ্কা প্রকাশ করে যুক্তরাষ্ট্রের কাছে সহায়তা চেয়েছেন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। এই চিঠি শীর্ষ মার্কিন কর্মকর্তাদের হাতে পৌঁছাতে নাকি সহযোগিতা করেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত তৎকালীন রাষ্ট্রদূত হুসেইন হাক্কানি। এ ঘটনার বিবরণ দিয়ে মধ্যস্থতাকারী দাবিদার মনসুর ইজাজ নামের পাকিস্তানি বংশোদ্ভূত এক মার্কিন ব্যবসায়ী হইচই ফেলে দেন। জারদারি মার্কিনদের কাছে কোনো চিঠি পাঠানোর কথা অস্বীকার করলেও শেষরক্ষা হয়নি। এই অভিযোগকে কেন্দ্র করেই শীর্ষ সেনা কর্মকর্তাদের সঙ্গে সরকারের চলতি বিরোধ। ঘটনায় জড়িয়ে গেছে সর্বোচ্চ আদালতও। এ ছাড়া জারদারিসহ রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা পুনরুজ্জীবিত করায় ব্যর্থতার জন্য গিলানির বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ পরিস্থিতিকে জটিলতর করেছে।তদন্তে অভিযোগের সত্যতার প্রমাণ মিললে পার্লামেন্টে নিশ্চিতভাবে অভিশংসনের মুখোমুখি হবেন প্রেসিডেন্ট জারদারি। তাঁকে পদত্যাগ করতেও হতে পারে। ভেঙে যেতে পারে প্রধানমন্ত্রী গিলানির সরকার। সে ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের অনেক আগেই হতে পারে নির্বাচন। আপাতত পার্লামেন্টে আস্থা ভোটে উতরে গেছে সরকার। তাই বলে রাজনৈতিক পরিস্থিতির কোনো হেরফের হয়নি। অস্থিরতা রয়েই গেছে। ক্ষমতাসীন পিপিপি এখন ক্ষমতায় টিকে থাকার বিষয়টি নিয়ে শরিকদের সঙ্গে সলাপরামর্শ করছে। সেনাবাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তারা দফায়-দফায় বৈঠক করে আলোচনা করছেন কী করা যায় তা নিয়ে। একই সঙ্গে বিরোধী দলগুলোও সরকারের দুর্বলতা কাজে লাগিয়ে নিজ নিজ অবস্থান মজবুত করে তুলতে তৎপর। পাকিস্তানের সুপ্রিম কোর্ট ও বিচারকদের নিয়ে গঠিত তদন্ত কমিশনের নিরপেক্ষতা নিয়ে এর মধ্যে সংশয় প্রকাশ করেছেন অনেকে। তাঁদের ধারণা বিচার বিভাগ সেনাবাহিনীর প্রভাবে কাজ করছে। এর একজন হলেন পাকিস্তানের বিশিষ্ট আইনজ্ঞ আসমা জাহাঙ্গীর। শুরুতে ‘গোপন চিঠি’বিষয়ক মামলায় সাবেক রাষ্ট্রদূত হুসেইন হাক্কানির আইনজীবী মুহাম্মদ ইদ্রিসকে সহযোগিতা করতে সম্মত হলেও পরে সরে দাঁড়ান তিনি।আসমা জাহাঙ্গীরের বরাত দিয়ে ডেইলি টাইমস পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আইএসআইয়ের কর্মকর্তারা তাঁর মক্কেল হাক্কানির বিরুদ্ধে সিদ্ধান্ত দিতে কমিশনের বিচারকদের প্রভাবিত করতে পারেন বলে আশঙ্কা করছেন তিনি।আসমা জাহাঙ্গীরের আশঙ্কা অনুযায়ী তদন্ত কমিশন সত্যিই সেনা কর্মকর্তাদের প্রভাবে কাজ করলে পতন ঘটবে ক্ষমতাসীন সরকারের। অবশ্য নিরপেক্ষ তদন্তেও বর্তমান সরকারের বিপর্যয় ঘটতে পারে। তখন পিপিপির ওপর বাড়তি বোঝা হয়ে চাপবে জারদারির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ।ঘটনা যাই ঘটুক, এতে পূর্ব ইতিহাস অনুযায়ী সেনা কর্মকর্তাদের কম-বেশি প্রভাব থাকতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সে ক্ষেত্রে গিলানি সরকারের পতন হলে সেনাবাহিনী সরাসরি ক্ষমতা না নিতে পারলেও পছন্দের নেতাদের বসাতে চাইবে। তবে পারভেজ মোশাররফের ক্ষমতা ফিরে পাওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ। সাবেক স্বৈরশাসক বলে মোশাররফের প্রতি জনসমর্থন এমনিতেই কম, তার ওপর বিভিন্ন অভিযোগে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা ঝুলছে দেওয়ানি আদালতে। কাজেই সেনা কর্মকর্তারা সহজে তাঁকে বেছে নেবেন না। বরং দেশে ফিরলে মোশাররফ গ্রেপ্তার হওয়ার মতো বিপদেও পড়তে পারেন। এর পরও তাঁর ভরসা যে তিনি যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর প্রিয়ভাজন। পশ্চিমা প্রভাব তাঁকে পুনরায় কোনো ভালো সুযোগ এনে দিতে পারে বলে মনে করছেন অনেকে। ক্ষমতাসীন পিপিপির এখন দুঃসময়। এই সুযোগে সভা-সমাবেশে গরম গরম কথা বলে নিজের ভাবমূর্তি উজ্জ্বল করার চেষ্টা চালাচ্ছেন ইমরান খান। কিন্তু সাম্প্রতিক সময়ে পাশ্চাত্যের বিরুদ্ধে কথা বলে এলেও তিনি পশ্চিমা-ঘেঁষা বলেই অনেকের কাছে পরিচিত। তাঁর শিক্ষাদীক্ষার অনেকখানি জুড়ে রয়েছে পাশ্চাত্য। এ কারণে কট্টর ইসলামপন্থীরা তেমন পছন্দ করেন না ইমরানকে। কাজেই ভবিষ্যতে ক্ষমতায় যাওয়ার ক্ষেত্রে তাঁর তোড়জোড় কতটা কাজে লাগবে তা দেখার বিষয়। অবশ্য ইমরান বলেছেন যে পার্লামেন্টে বিরোধী দলে অবস্থান নিতে পারলেও তিনি খুশি।এ মুহূর্তে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। দুই দুইবার দেশের প্রধানমন্ত্রী হওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর। দেশের সবচেয়ে জনবহুল ও গুরুত্বপূর্ণ প্রদেশ পাঞ্জাবে এখন সবচেয়ে প্রভাবশালী নেতা তিনি। একসময় পিপিপির সঙ্গে হাত মিলিয়েও নিজের আসন পাকাপোক্ত করতে পারেননি নওয়াজ। এখন ঝোপ বুঝে কোপ মেরে অনেকখানি এগিয়ে গেছেন। সুপ্রিম কোর্টে ‘মেমোগেট’ অভিযোগ মূলত তাঁরই তোলা। এ ঘটনাকে নওয়াজ ‘রাষ্ট্রদ্রোহিতা’ বলে অভিহিত করেছেন। অন্যান্য বিরোধী দলের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে নওয়াজ শরিফের সাম্প্রতিক বন্ধুত্বের বিষয়টিও লক্ষণীয়। সব মিলিয়ে পরিস্থিতি এখন নওয়াজ শরিফের অনুকূলে। কাজেই দেশের রাজনীতিতে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বলে অনেকে ধারণা করছেন।আসমা জাহাঙ্গীর বলেছেন, মেমোগেট মামলার ফলাফল হবে পাকিস্তানের জন্য নির্বাচিত বেসামরিক সরকার ও প্রভাবশালী সেনাবাহিনীর মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার পথে একটি ঐতিহাসিক পর্ব। তিনি বলেছেন, দেশের ‘এস্টাবলিশমেন্ট’ (সেনাবাহিনী ও তাদের সমর্থক) পিপিপিকে কিছুতেই আগামী মার্চে অনুষ্ঠেয় নির্বাচনে পার্লামেন্টের উচ্চকক্ষের নিয়ন্ত্রণ গ্রহণ করতে দিতে চায় না। মামলার গুরুত্ব নিয়ে আসমা জাহাঙ্গীরের এ মূল্যায়নে হয়তো সব বিশ্লেষকই একমত হবেন।