মহাসড়কে মৃত্যুফাঁদ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড এলাকায় সড়ক দুর্ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে। হাইওয়ে পুলিশের হিসেবে গত আট মাসে ২২ জন নিহত ও ৩১ জন গুরুতর আহত হয়েছে। সর্বশেষ গত মঙ্গলবার সকালে সীতাকুণ্ড পৌর সদরের দক্ষিণ বাইপাস এলাকায় বাসচাপায় নুরুন্নবী (২২) নামের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত হন।
সীতাকুণ্ডের বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনু সোহেল জানান, সড়কের পাশে বাজার থাকায় মহাসড়কে ধীর গতির যানবাহন চলাচল করে। পাশাপাশি অদক্ষ চালকের বেপরোয়া গাড়ি চালানোও দুর্ঘটনার কারণ। পুলিশের নথিতে দুর্ঘটনায় নিহত ২২ জনের নাম থাকলেও প্রকৃত নিহত ব্যক্তির সংখ্যা আরও বেশি হতে পারে বলে স্বীকার করেন তিনি। তিনি জানান, অনেকেই দুর্ঘটনার পর পুলিশকে না জানিয়ে আপস-মীমাংসা করে ফেলেন। তবে এ বছর এখন পর্যন্ত ২৭টি সড়ক দুর্ঘটনার বিপরীতে ১৯টি মামলা হয়েছে। এসব মামলার মধ্যে তদন্ত চলছে ছয়টির।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশের দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করেছে পুলিশ বিভাগ। এই এলাকাগুলো হলো ফৌজদারহাট সংযোগ সড়ক, মাদাম বিবিরহাট, কুমিরা দক্ষিণ বাইপাস, সুলতানা মন্দির, বাঁশবাড়িয়া ও বাড়বকুণ্ড। এসব এলাকায় সিএনজি অটোরিকশাসহ বিভিন্ন ধীর গতির যানবাহনের সঙ্গে দ্রুতগামী দূরপাল্লার গাড়ির সংঘর্ষ একাধিক ঘটেছে। তবে পুলিশের দুর্নীতি ও চাঁদাবাজির কারণে অদক্ষ চালক ও ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলে মনে করেন যানবাহনের চালক-মালিকেরা। ফৌজদারহাট এলাকায় কথা হয় ট্রাকচালক সাহাব উদ্দীনের সঙ্গে। তিনি বলেন, ‘পুলিশকে টাকা না দিলে গাড়ির ফিটনেস থাকলেও মামলা হয়, আর টাকা দিলে ফিটনেসবিহীন গাড়িও ফিট হয়ে যায়। এসব ফিটনেসবিহীন গাড়ি সড়কে দুর্ঘটনা ঘটায়।’
এ ব্যাপারে মনু সোহেল প্রথম আলোকে বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে গড়ে ওঠা বাজার, ধীর গতির গাড়ি চলাচল, লক্কর-ঝক্কর গাড়ি ও ড্রাইভারদের খামখেয়ালিপনা দুর্ঘটনার মূল কারণ। তবে পুলিশের ঘুষ নেওয়ার বিষয়টি অস্বীকার করেন তিনি। তিনি বলেন, ‘আমি এই থানায় যোগদানের পর প্রতিদিন গড়ে ২০টি মামলা দিয়েছি। গত আগস্ট মাসে আমার থানায় ট্রফিক আইন অমান্যের অভিযোগে ৭০০টি মামলা হয়েছে। প্রতিনিয়ত চেকপোস্ট বসিয়ে কাগজপত্র পরীক্ষা করছি।’