মহাসড়কে যানজট কারদোষে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে যানজট সমস্যা শিগগিরই সমাধান হচ্ছে না। নগরের সিটি গেট থেকে কুমিরা পর্যন্ত যানজট এখন যেন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। অথচ যানজট নিরসনের উদ্যোগ না নিয়ে সংশ্লিষ্ট বিভাগগুলো পরস্পরের ওপর দায় চাপাচ্ছে।

যানজটের জন্য হাইওয়ে পুলিশ সড়ক ও জনপদ বিভাগকে এবং সড়ক ও জনপদ বিভাগ হাইওয়ে পুলিশকে দায়ী করেছে। হাইওয়ে পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মতে, মহাসড়কের খানাখন্দই যানজটের জন্য দায়ী। অপর দিকে, সড়ক ও জনপদ বিভাগ বলছে যত্রতত্র গাড়ি থামানোর কারণে যানজট হচ্ছে। হাইওয়ে পুলিশ এ ব্যাপারে ব্যবস্থা না নেওয়ায় যানজট বেড়েই চলছে।

গত বুধবারও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সারা রাত যানজট লেগেই ছিল। মহাসড়কে দায়িত্বরত বার আউলিয়া হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক গোলাম মোস্তফা জানান, মহাসড়কে খানাখন্দের কারণে গাড়ি চলাচলে অসুবিধা হচ্ছে। সড়ক বিভাগ রাস্তা সংস্কার ও গর্তে জমে থাকা পানি অপসারণ না করায় গাড়ি আটকে যাচ্ছে ও গতি কমে যাচ্ছে।

সড়ক ও জনপদ বিভাগের প্রকল্প ব্যবস্থাপক মাসুদ করিম দাবি করেন, খানাখন্দের সমস্যার চেয়ে বড় সমস্যা হলো, যেখানে সেখানে গাড়ি দাঁড় করানো।

বিভিন্ন কারখানার সামনে কাঁচামাল বোঝাই ট্রাক সারি করে দাঁড়িয়ে থাকলেও পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করে। এতে জানযট নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আমরা বিষয়টি বার আউলিয়া হাইওয়ে থানা ও সীতাকুণ্ড থানায় লিখিতভাবে জানিয়েছি।

মহাসড়কে চলাচলকারী যাত্রী এম সেকান্দর হোসাইন জানান, বুধবার রাতে কর্নেলহাট থেকে তাঁর বাড়ি বানুবাজার পর্যন্ত ১০ কিলোমিটার পথ যেতে সময় লেগেছে তিন ঘণ্টা।

নিয়মিত ঢাকা-চট্টগ্রাম যাওয়া-আসা করেন বিপুল দেবরায়। তিনি বলেন, রাস্তার যে অবস্থা তাতে আশঙ্কা হয়, এ বর্ষার মধ্যে যানজটের সমস্যা সমাধান হবে না। সড়ক ও জনপদ বিভাগ বর্ষা এলেই সংস্কারকাজ শুরু করে। এ সময় রাস্তার এক পাশ বন্ধ করে দেওয়া হয় বলে যানজট লেগেই থাকে।

এ ব্যাপারে বার আউলিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনু সোহেল ইমতেয়াজ বলেন, ‘যানজট নিরসনে হাইওয়ে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করে। রাস্তায় বিভিন্ন স্থানে খানাখন্দের কারণে গাড়িগুলো এলোমেলোভাবে চলতে থাকায় সৃষ্ট যানজট স্বাভাবিক করতে পুলিশকে হিমশিম খেতে হয়।’