মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা বাতিলের দাবি
মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ করার প্রতিবাদে চট্টগ্রাম নগরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক ইউনিয়ন। ২৭ জুলাই সকাল ১০টায় হজরত কালু শা মাজার বাইপাস মোড়ে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় সংগঠনের পক্ষ থেকে। সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির কার্যকরী সভাপতি রবিউল মাওলা। বিশেষ অতিথি ছিলেন মালিক প্রতিনিধি আবদুল ওয়াদুদ, আবু মনসুর, মো. সোলাইমান, ফারুক হোসেন প্রমুখ।
সমাবেশ শেষে চালক-মালিকদের একটি বিক্ষোভ মিছিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে সিটি গেটে এসে শেষ হয়। অনুষ্ঠানে শেষে ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ ৩১ জুলাই সকাল ১০টায় নগরের মুসলিম ইনস্টিটিউটে অটোরিকশার চালক-মালিক প্রতিনিধিদের এক সভা অনুষ্ঠানের ঘোষণা দেন। ওই সভায় পরবর্তী কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে তিনি জানান। বিজ্ঞপ্তি।