মহাসাগর নিয়ে গবেষণা করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
মধ্য আটলান্টিক মহাসাগর নিয়ে গবেষণা করার সুযোগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজের শিক্ষক মোহাম্মদ মোসলেম উদ্দিন।মোসলেম যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস (Massachusetts) অঙ্গরাজ্যে অবস্থিত বিশ্বের বৃহত্তম সমুদ্র শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান উডস হোল ওশেনোগ্রাফিক ইনস্টিটিউশনের (ডব্লিউএইচওআই) অতিথি ফেলো হিসেবে এ গবেষণায় অংশ নেবেন। এ গবেষণার সাহায্যে মূলত বিশ্ব উষ্ণায়নের ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইড বৃদ্ধির কারণে সাগরে এর প্রভাব এবং সামুদ্রিক জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রতিক্রিয়া নিরূপণ করা হবে। যুক্তরাষ্ট্র বিজ্ঞান ফাউন্ডেশন এ প্রকল্পে অর্থায়ন করবে। আর ডব্লিউএইচওআই এবং এমআইটি যৌথভাবে প্রকল্পটি পরিচালনা করবে। প্রথম বছর, অর্থা ৎ এ বছর গবেষণাটির কার্যক্রম চালানো হবে উত্তর পশ্চিম আটলান্টিক মহাসাগরে এবং আগামী বছর কার্যক্রম চালানো হবে প্রশান্ত মহাসাগরে।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ মোসলেম উদ্দিন বলেন, এ অভিজ্ঞতা কাজে লাগিয়ে বঙ্গোপসাগর ও ভারত সাগরে এ ধরনের গবেষণা কার্যক্রম পরিচালনা করা সম্ভব। তিনি ইতিমধ্যে তাঁর গবেষণা প্রতিষ্ঠানে যোগদান করেছেন।সন্দ্বীপের এ কৃতী সন্তান এর আগেও বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানে কাজ করেছেন।