কালবৈশাখী ও ঘূর্ণিঝড় মহাসেনের প্রভাবে আনোয়ারায় এবার বোরোর লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে সংশয়ে আছেন চাষিরা। তবে কৃষি বিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, ফসলের কিছুটা ক্ষতি হলেও লক্ষ্যমাত্রা অর্জিত হতে পারে। এখন আনোয়ারায় বোরো ধান কেটে মাড়াই করছেন চাষিরা।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ বছর আনোয়ারায় পাঁচ হাজার ৯০৫ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হলেও চাষ হয়েছে পাঁচ হাজার ৫৭০ হেক্টর জমিতে। আর সেখানে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয় ২২ হাজার ৮৭১ মেট্রিক টন। বর্তমানে ৮০ শতাংশ জমির ধান কাটা ও মাড়াই হয়েছে। কৃষি কর্মকর্তারা জানান, গত বছর পাঁচ হাজার ৬৫৫ হেক্টরে ২২ হাজার ১০১ মেট্রিক টন লক্ষ্যমাত্রায় অর্জিত হয় ২২ হাজার ৫২৪ মেট্রিক টন ধান।কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার বোরোর ফলন ভালো হলেও ধান কাটার আগেই কয়েক দফা বৃষ্টি ও সর্বশেষ মহাসেনের প্রভাবে কোনো কোনো গ্রামে পাকা ধান চলে যায় পানির নিচে। বৃষ্টি শেষে সে ধান কাটতে গিয়ে চাষিদের বিপাকে পড়তে হয়েছে। কোথাও কোথাও পাকা ধান নষ্ট হয়েছে বলে জানা গেছে। এ অবস্থায় চাষিরা আশঙ্কা করছেন বোরোর লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে।খুরুস্কুল গ্রামের চাষি আবদুল হক বলেন, ‘আমি ২ কানি (৮০ শতক) জমিতে বোরো চাষ করি, ফলনও ভালো হয়। ধান পেকে ওঠায় কিছু কিছু কাটাও শুরু করি, কিন্তু কালবৈশাখী ও ঘূর্ণিঝড় মহাসেনের প্রভাবে পাকা ধান পানির নিচে থাকায় সমস্যা হয়েছে।’ আনোয়ারা উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা স্বপন কুমার দেবনাথ প্রথম আলোকে বলেন, ‘ঝড় হলেও ফসল বেশি নষ্ট হয়নি। আশা করছি, আমরা লক্ষ্যমাত্রা অর্জন করতে পারব। ৮০ শতাংশ ধান কাটা শেষ হয়েছে বলেও দাবি করেন তিনি।’