মহাসড়কে চার মাসে ঝরল ৩৪ প্রাণ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে সড়ক দুর্ঘটনা বেড়েই চলেছে। গত চার মাসে দুর্ঘটনায় অন্তত ৩৪ জন লোক মারা গেছে। মহাসড়কের চার লেনের কাজ শেষ না হওয়ায় দুর্ঘটনা বাড়ছে বলে দাবি করেছে হাইওয়ে পুলিশ। অপর দিকে সড়ক ও জনপথ বিভাগের দাবি, ট্রাফিক ব্যবস্থাপনার দুর্বলতাই দুর্ঘটনার কারণ।
হাইওয়ে পুলিশের কর্মকর্তারা বলেন, সড়কে সংস্কার ও নির্মাণকাজের দীর্ঘসূত্রতার কারণে এলোমেলোভাবে যানবাহন চলছে। এই কারণে ঘটছে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। এ জন্য সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষের দায়িত্বহীনতাকে দায়ী করছেন তাঁরা।
সওজ কর্মকর্তাদের দাবি, মহাসড়কের সীতাকুণ্ড অংশের সড়কে খানাখন্দ নেই। এরপরও দুর্ঘটনা ঘটছে হাইওয়ে পুলিশের দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনার জন্য।
সরেজমিনে দেখা যায়, মহাসড়কের সীতাকুণ্ড অংশে সম্প্রসারিত চার লেনের প্রতিটি লেনে উভয় দিক থেকেই গাড়ি চলাচল করছে। হাইওয়ে পুলিশ মহাসড়কে টহল দিলেও ভুলপথে চলাচল করা গাড়িগুলোকে ঘুরিয়ে দিতে দেখা যায়নি।
বার আউলিয়া হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, গত ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত মহাসড়কের সীতাকুণ্ড অংশে ২৬টি দুর্ঘটনা রেকর্ড করা হয়েছে।
এতে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, একজন পুলিশ কর্মকর্তাসহ ২৬ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। এই তালিকার বাইরে আরও অন্তত ১০টি দুর্ঘটনায় অন্তত আটজন মারা গেছেন বলে হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে। ওই দুর্ঘটনাগুলোর পর মামলা না হওয়ায় হতাহতদের তালিকা নথিভুক্ত হয়নি।
ঢাকামুখী একটি কাভার্ডভ্যানের চালক মো. জসিম বলেন, মহাসড়কের নতুন অংশের অনেক স্থানে খানাখন্দ সৃষ্টি হয়েছে। নতুন বাইপাস সড়ক চালু হলেও ব্যবহারের কোনো নির্দেশনা দেওয়া হয়নি।
সম্প্রসারিত চার লেন প্রকল্পের সীতাকুণ্ড অংশের ব্যবস্থাপক মাসুদ করিম বলেন, পাথরের অভাবে কাজ সাময়িক বন্ধ রয়েছে। কিন্তু মহাসড়কে এখন খানাখন্দ নেই। তবু দুর্ঘটনা ঘটছে। ট্রাফিক আইন ভঙ্গ করা গাড়ির বিরুদ্ধে মামলাসহ আইনানুগ ব্যবস্থা নিলেই কেবল দুর্ঘটনা কমবে।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াছিন বলেন, বেপরোয়া গতিতে গাড়ি চালানো, এলোমেলো চালানো, ফিটনেস না থাকাসহ বিভিন্ন অভিযোগে নিয়মিতই চালকদের বিরুদ্ধে মামলা হচ্ছে। কিন্তু সওজের সতর্কতামূলক দিকনির্দেশনা না থাকায় দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত।