মহাসড়কে ডাকাতি রোধে অতিরিক্ত পুলিশ
ঈদকে সামনে রেখে মহাসড়কে ডাকাতি রোধ, যানজট নিরসন ও বাসটার্মিনালে মলম পার্টির অপতৎপরতা বন্ধের লক্ষ্যে অতিরিক্ত পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে জেলা পুলিশ প্রশাসন। গত ২৯ আগস্ট জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পরিবহন মালিক ও শ্রমিকনেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা পুলিশ সুপার মো. জেড এ মোরশেদ বৈঠকে সভাপতিত্ব করেন। এতে চট্টগ্রাম জেলা ট্রাক পরিবহন মালিকের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা ট্রাফিক পুলিশ পরিদর্শক মীর গোলাম ফারুক, নগর সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) অভিজিৎ চাকমা, চট্টগ্রাম নাজিরহাট-খাগড়াছড়ি বাসমালিক সমিতির সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলমসহ একাধিক মালিক ও শ্রমিকনেতা উপস্থিত ছিলেন। বৈঠকে যানজট নিরসনের জন্য ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-কক্সবাজার ও চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে হাইওয়ে পুলিশের পাশাপাশি শতাধিক ট্রাফিক পুলিশ ফোর্স মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়। সাম্প্রতিক সময়ে মহাসড়কে পণ্য পরিবহনে ডাকাতি এবং নগরের বহদ্দারহাট, কদমতলী ও অক্সিজেন বাসটার্মিনালে মলম পার্টির দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় পুলিশ সুপার মো. জেড এ মোরশেদ উদ্বেগ প্রকাশ করেন বৈঠকে। তিনি বাসটার্মিনালগুলোতে ছিনতাইকারী ও মলমপার্টির দৌরাত্ম্য বন্ধে যাত্রীদের সতর্ক করতে মাইকিং করার জন্য বৈঠকে উপস্থিত পরিবহন মালিক সমিতি ও শ্রমিকনেতাদের অনুরোধ জানান। প্রসঙ্গত, ২ সেপ্টেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।