মহাসড়কে দুর্ঘটনার ফাঁদ কুম্ভারপাড়া সেতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে অবস্থিত ফটিকছড়ির কুম্ভারপাড়া সেতুটি সড়কের তুলনায় সরু হওয়ায় ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। সড়ক ও জনপথ (সওজ) বিভাগ ঝুঁকি এড়াতে সতর্কীকরণ সাইনবোর্ড লাগালেও ঘটছে দুর্ঘটনা।

নাজিরহাট মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মাহবুব উদ্দিন জানান, সেতুটি সরু হওয়ায় গত এক বছরে দুর্ঘটনায় ছয় ব্যক্তি মারা গেছে। এতে আহত হয়েছে অন্তত অর্ধশতাধিক ব্যক্তি।

গত ১২ আগস্ট সেতুর মুখে একটি মিনিবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৬ যাত্রী আহত হয়।

থানা সূত্র জানায়, মহাসড়কটি দিয়ে প্রতিদিন দূরপাল্লার অন্তত পাঁচ হাজার ছোট-বড় গাড়ি চলাচল করে।

খাগড়াছড়িসহ উত্তর চট্টগ্রামের নানা অঞ্চলে যাতায়াত করার সময় এই সেতু অতিক্রম করতে হয়। এ ছাড়া বিকল্প পথে ঢাকাগামী যানবাহনও এই সেতু দিয়ে যাতায়াত করে।

ফটিকছড়ির রোসাংগিরী ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান মো. শফিউল আলম বলেন, সেতু মেরামত অথবা বিকল্প ব্যবস্থা চালু না করলে যানবাহন ও পথচারীদের যাতায়াতে ভোগান্তি আরও বেড়ে যাবে।

স্থানীয় বাসিন্দা সিরাজুদ্দৌলাহ বলেন, সেতুটি লম্বায় ১১০ ফুট আর প্রস্থে মাত্র ১২ ফুট। প্রয়োজনের তুলানায় অত্যাধিক সরু হওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম বলেন, সেতুটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব সড়ক ও জনপদ বিভাগের। বিষয়টি তাদের জানানো হয়েছে। সড়ক ও জনপদ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. শফিউল্লাহ খান বলেন, সেতুটির সংস্কারে কার্যাদেশ হয়েছে, শিগগিরই কাজ শুরু হবে। তবে আপাতত দুর্ঘটনা এড়াতে সেখানে ঝুঁকিপূর্ণ সরু সেতু লেখা সাইনবোর্ড টানানো হয়েছে।