মহাসড়কে হাটবাজার যানবাহন চলাচল ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়কসংলগ্ন হাটবাজার, বাসস্ট্যান্ড, করাত কল ও যত্রতত্র গ্যারেজ স্থাপনের কারণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া অংশে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। এতে অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে যাতায়াতকারী লোকজনকেও দুর্ভোগ পোহাতে হচ্ছে। যানজটের কারণে নগরের বহদ্দারহাট থেকে পটিয়ার মুজাফফরাবাদ পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার পথ যেতে এক ঘণ্টার জায়গায় দুই ঘণ্টার বেশি সময় লাগে বলে চালক ও যাত্রীরা জানান।চালকদের সঙ্গে কথা বলে এবং খোঁজ নিয়ে জানা গেছে, মহাসড়কের পটিয়া অংশে সড়ক ঘেঁষে চারটি হাটবাজার বসে। এগুলো হচ্ছে—শান্তিরহাট, আমজুর হাট, কমলমুন্সির হাট এবং পটিয়া সদরের মুন্সেফ বাজার। পটিয়া সদরের বাসস্ট্যান্ড ছাড়াও শাহচান্দ আউলিয়া মাজার গেট, আমজুর হাট, ইন্দ্রপোল, ডাকবাংলো মোড়, থানার মোড়, আদালত সড়কের পুকুরপাড়, পোস্ট অফিস মোড়, উপজেলা হাসপাতাল এবং শান্তিরহাট, মইজ্যারটেক গোল চত্বর এলাকায় মূল সড়ক ঘেঁষে অবৈধভাবে মাইক্রোবাস, কার, অটোরিকশা, ভটভটি ও রিকশা রাখা হয়। এ ছাড়া এয়াকুবদণ্ডি ও মইজ্যারটেক এলাকায় তিনটি সিএনজি ফিলিং স্টেশনকে ঘিরে সিএনজিচালিত অটোরিকশার দীর্ঘ লাইন থাকে প্রায় সময়। কয়েকটি জায়গায় রয়েছে গাড়ি মেরামতের গ্যারেজ। ফলে সংশ্লিষ্ট এলাকায় যানজট নিত্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। পটিয়া এএস রাহাত আলী উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র সাইফ আলী জানায়, সড়কের পাশে হাটবাজার ও যত্রতত্র গাড়ি রাখার কারণে বাড়ি থেকে বিদ্যালয়ে আসা-যাওয়ার সময় যানজটের কবলে পড়ে যথাসময়ে শ্রেণীকক্ষে হাজির হওয়া যায় না।শান্তিরহাট সড়কের পাশে তরকারি ব্যবসায়ী আলী আকবর বলেন, ‘এখানে ৪০ বছর ধরে ব্যবসা করছি। সড়কের ওপর বাজারের কারণে চোখের সামনে কত দুর্ঘটনা দেখেছি তার কোনো হিসাব নেই। এ ছাড়া যানজট তো নিত্যদিনের ঘটনা। তাই জনস্বার্থে বাজারটি অন্যত্র সরিয়ে নেওয়া দরকার বলে মনে করি।’ আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সহসাধারণ সম্পাদক মোহাম্মদ মিয়া প্রথম আলোকে বলেন, ‘সড়ক ঘেঁষে হাটবাজার, অবৈধ গাড়ি স্ট্যান্ড বা পার্কিংসহ বিভিন্ন সমস্যার কারণে পথে যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনার ভয়ে গাড়ি চালাতে হয় ধীর গতিতে।’ মোহাম্মদ মিয়া জানান, চট্টগ্রাম শহর থেকে মইজ্যার টেক হয়ে পটিয়া পেরুতে সময় লাগার কথা ২৫ থেকে ৩০ মিনিট। কিন্তু যানজটের কারণে এখন লাগে প্রায় পৌনে দুই ঘণ্টা। তিনি সড়কের ওপর থেকে হাটবাজার, গাড়ির স্ট্যান্ডসহ সব রকম স্থাপনা অন্যত্র সরিয়ে নেওয়া এবং সংশ্লিষ্ট স্থানের সরু সড়ক প্রশস্ত করার দাবি জানান। দোহাজারী সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী তোফায়েল মিয়া প্রথম আলোকে বলেন, ‘সড়ক থেকে শান্তির হাট সরানোর জন্য অনেকবার নোটিশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে উপজেলা প্রশাসনকেও লিখিতভাবে জানানো হয়েছে। কিন্তু কোনো কাজ হচ্ছে না।’ তাঁর মতে, প্রশাসন সড়ক ঘেঁষে হাটবাজারগুলো বসার অনুমতি না দিলেই হয়। সড়ক থেকে বাজারসহ অবৈধ দখল উচ্ছেদ হলে ৮০ শতাংশ দুর্ঘটনা কমে যাবে বলে তিনি মন্তব্য করেন। যোগাযোগ করা হলে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হোসেন প্রথম আলোকে বলেন, ‘নীতিগতভাবে সড়কের ওপর বাজার থাকুক, এটা আমি চাই না। শান্তির হাট এলাকায় সড়কের দুই পাশ ঘেঁষে যে কাঁচাবাজার বসে, তা দ্রুত সরানোর পরিকল্পনা রয়েছে। সড়কের পাশের স-মিলগুলোকেও নোটিশ দেওয়া হবে।’ ইউএনও জানান, পটিয়া বাসস্ট্যান্ডটি স্থানান্তরের জন্য পৌরসভা কর্তৃপক্ষ একটি প্রস্তাব পাঠিয়েছে। এ ছাড়া সড়কের দুই দিকের যত্রতত্র গাড়ি পার্কিং না করার ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।