মহাসড়কের একি হাল!

পটিয়া পৌর সদর থেকে শাহচান্দ আউলিয়া মাজার গেটের দূরত্ব চার কিলোমিটার। যাত্রীবাহী বাসের এ পথ পার হতে সময় লাগার কথা ১৫ মিনিট। কিন্তু এখন এই পথ পেরুতে লাগছে প্রায় এক ঘণ্টা। কারণ, সড়কজুড়ে অসংখ্য গর্ত। গাড়ি চলছে ধীর গতিতে। অনেক সময় গর্তে গাড়ি আটকে সৃষ্টি হচ্ছে যানজট।
পটিয়া পৌর সদরের মতো একই চিত্র চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া পর্যন্ত প্রতিটি স্থানের। ফলে দুর্ভোগ বেড়েছে যাত্রীদের।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্র জানায়, ভারী বর্ষণে কর্ণফুলী শাহ আমানত সেতু থেকে সাতকানিয়া পর্যন্ত খানাখন্দে ভরে গেছে মহাসড়ক। কয়েক দিন পরপর ইটের খোয়া ও বালু দিয়ে গর্ত ভরাট করলেও ভারী বৃষ্টিতে আবার ধুয়ে যাচ্ছে। এসব গর্তে পানি জমে বিপজ্জনক হয়ে উঠছে গাড়ি চলাচল।
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, পটিয়ার মইজ্জ্যারটেক থেকে চন্দনাইশের দোহাজারী পর্যন্ত অন্তত ২৬টি স্থানে গর্ত রীতিমতো ডোবায় পরিণত হয়েছে। কাদা-পানিতে একাকার সড়কে গাড়ি চলছে ঝুঁকি নিয়ে। ছোট যানবাহন চলাচলে কষ্ট হচ্ছে বেশি। সড়কের ভাঙা অংশ পার হওয়ার সময় অটোরিকশা ও রিকশা উল্টে যাওয়ার উপক্রম হচ্ছে।
পটিয়া থানার মোড় এলাকার দোকানি সাইফুল আলম বলেন, সড়কটি দীর্ঘদিন ধরে কার্যকর সংস্কার না করায় বেহাল হয়েছে। ইটের খোয়া ও বালু দিয়ে গর্ত ভরাট করে সংস্কার করলেও তা টিকছে না। ফলে কাদা-পানি জমে থাকায় চলাচলে দুর্ভোগে পড়তে হচ্ছে।
এদিকে সাতকানিয়া অংশে দেখা যায়, মহাসড়কের মৌলভীর দোকান, জাফর আহমদ চৌধুরী কলেজ গেট, নয়াখালের মুখ, আন্ধারমার দরগা, ওবাইদিয়া সড়কের মুখ, কেরানীহাট, রাস্তার মাথা, ড্রিম হাউস কমিউনিটি সেন্টার, মালেক মেম্বারের ব্রিকফিল্ড, হাসমতের দোকানসহ অন্তত ২০টি স্থানে অসংখ্য গর্ত। কেরানীহাট এলাকায় গর্ত অনেক বড় হয়ে গেছে।
সৌদিয়া পরিবহন সংস্থার বাসচালক মো. জাহাঙ্গীর আলম বলেন, গর্তে পড়ে অনেক সময় গাড়ির যন্ত্রাংশ নষ্ট হচ্ছে। তা ছাড়া যাত্রীদের নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছানোও সম্ভব হচ্ছে না। তিনি বলেন, রাতে গাড়ি চলাচলে ঝুঁকি বেড়েছে। গাড়ির গতিই তোলা যায় না। সর্তকভাবে চলতে হয়। ফলে সময় বেশি লাগছে।
বাসযাত্রী বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের (বিবিএ) ছাত্র সাইফুল ইসলাম বলেন, ‘মহাসড়ক দিয়ে নিয়মিত আসা-যাওয়া করতে হয়। সড়কজুড়ে গর্ত সৃষ্টি হওয়ায় বাসের ঝাঁকুনিতে শরীর ব্যথা হয়ে যাচ্ছে। তা ছাড়া নির্দিষ্ট সময়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছানো সম্ভব হয় না।’
দোহাজারী সওজের উপসহকারী প্রকৌশলী দীপন চাকমা বলেন, সড়ক সংস্কারের জন্য গর্তগুলো ভরাট করা হয়েছিল। কিন্তু পিচঢালাই করার আগেই আবারও বৃষ্টি শুরু হওয়ায় ভরাট করা গর্তগুলো থেকে ইটের খোয়া ও বালু সরে গিয়ে পুনরায় গর্তের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে সওজের নির্বাহী প্রকৌশলী মো. মোসলেহ্ উদ্দীন চৌধুরী বলেন, বৃষ্টির কারণে সংস্কারকাজ শেষ করা সম্ভব হয়নি। বৃষ্টি শেষ হলেই সংস্কারকাজ শুরু হবে।