মহাসড়কের দুর্ভোগ এড়াতে মফস্বলেই ঈদের সওদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ের বিপণিকেন্দ্রগুলোতে নানা বাহারি পোশাকের সমারোহ। ছোট-বড় সব ঈদের বাজার শিশু-কিশোর, তরুণ-তরুণী, গৃহবধূর সমাগমে জমে উঠেছে। যাঁরা চট্টগ্রাম শহরে গিয়ে বাজার করতেন তাঁদের অনেকেই মহাসড়কের দুর্ভোগ এড়াতে মফস্বলেই ঈদের বাজার সারছেন। উপজেলার করেরহাট, বারইয়ারহাট পৌরবাজার, মিঠাছড়া, মিরসরাই পৌরসদর, হাদিফকির হাট, বড়দারোগার হাট ঘুরে দেখা গেছে, সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন বয়সের ক্রেতা এক মার্কেট থেকে আরেক মার্কেটে কাপড়ের দাম যাচাই করে সওদা করছেন। তবে বাজারে বড়দের পোশাকের চেয়ে ছোটদের পোশাক বিক্রি হচ্ছে বেশি। প্রতিবছরের মতো এবারও পোশাকের নানা চমকপ্রদ নাম—ওয়াকা ওয়াকা, সাকিরা, তেরে নাম, সোহানা, কোটালি, আধুরি, বিদায় সাজনা, বেহেনা, চায়না প্রিন্ট আরও কত কি। গতবারের মাসাককালি এবারও জনপ্রিয়তা পেয়েছে। পোশাক কিনতে মিঠাছড়া শাহজাহান সুপার মার্কেটে এসেছিলেন রেহানা পারভিন। তাঁর অভিযোগ, একই রকম পোশাকে একেক দোকানে একেক দাম হাঁকা হচ্ছে। এক দোকান থেকে আরেক দোকানে দামের পার্থক্য অনেক।উপজেলার করেরহাটে ওবায়েদ-ছালেহা প্লাজা, বারইয়ারহাট পৌরবাজারের জামালপুর মার্কেট, মসজিদ গলির ছোট-বড় বিভিন্ন মার্কেট, মিঠাছড়া বাজারের আল আমিন মার্কেট, মুক্তিযোদ্ধা শাহজাহান সুপার মার্কেট, বর্ণালী শপিং সেন্টার ও মিরসরাই উপজেলা সদরে খায়ের শপিং, কাশেম মার্কেট, আমিন মার্কেট ও হাওয়া শপিং সেন্টার অন্য সকল মার্কেট থেকে অনেকটা বেশি জমে উঠেছে। দোকান মালিক এবং মার্কেট কর্তৃপক্ষের মতে, প্রতিবার মফস্বলে ঈদের বাজার রমজানের মাঝামাঝি সময়ে জমে উঠলেও এবার বিষয়টি ভিন্ন। শহরের মতো এখানেও এবার রমজানের আগে থেকে বেচা-বিক্রি শুরু হয়েছে। বিভিন্ন মার্কেটে ঘুরে বিভিন্ন বয়সী ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এখন মিরসরাইয়ের স্থানীয় মার্কেটগুলোতে শহরের অনেক আনকোরা দামি পোশাক পাওয়া যায়। তাই তাঁরা এবার নিজের এলাকাতেই ঈদের বাজার সারছেন। তা ছাড়া মহাসড়কের দুর্ভোগ এড়াতেও অনেকে মফস্বলেই ঈদবাজার করছেন। এবারকার ঈদের বাজার আগের তুলনায় বেশি জমে ওঠার ব্যাপারে মিঠাছড়া বাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মো. আসগর হোসেন জানান, ‘আমরা ক্রেতাদের নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারছি। তাই তাঁরা স্বচ্ছন্দে বাজার করছেন।’