মহিউদ্দিন-আ জ ম নাছিরের ঐক্যে ঘোচেনি ছাত্রলীগের অনৈক্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোমবার লালদীঘি মাঠে আওয়ামী লীগের জনসভায় মঞ্চের সামনের খালি জায়গায় তাড়াহুড়ো করে জড়ো হন একদল তরুণ। আওয়ামী লীগ নেতা আ জ ম নাছিরউদ্দিন মঞ্চে বক্তব্য দিতে শুরু করলে ওই তরুণেরা একযোগে তাঁর নামে স্লোগান দিতে থাকেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম আইন কলেজ ও সরকারি বাণিজ্য কলেজ ছাত্রলীগের কিছু নেতা তাঁদের নেতৃত্ব দিচ্ছেন। জনসভার শেষ পর্যায়ে এ বি এম মহিউদ্দিন চৌধুরী বক্তব্য দিতে শুরু করলে মঞ্চের ডান ও বামপাশ থেকে এমইএস কলেজ ও ইসলামিয়া কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা আলাদাভাবে তাঁর নামে স্লোগান শুরু করেন। মহিউদ্দিন চৌধুরীর নিষেধ সত্ত্বেও ওই স্লোগান বন্ধ হয়নি। জানা গেছে, চট্টগ্রামে ছাত্রলীগ গত দেড়যুগেরও বেশি সময় ধরে দুভাগে বিভক্ত। এক অংশের নেতৃত্ব দেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। অপর অংশটি নগর আওয়ামী লীগের সাবেক সদস্য আ জ ম নাছিরউদ্দিনের নিয়ন্ত্রণে। মেয়র নির্বাচনে পরাজিত হওয়ার পর মহিউদ্দিন চৌধুরী এবং আ জ ম নাছির উদ্দিন নাটকীয়ভাবে এক হলেও ছাত্রলীগের দুপক্ষ এক হয়নি। দীর্ঘদিন ধরে চলে আসা বিভেদের সংস্কৃতি এখনো অব্যাহত আছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম সরকারি বাণিজ্য কলেজে দুপক্ষের নেতারা আলাদাভাবে রাজনীতি করছেন। বাণিজ্য কলেজে দুপক্ষের আলাদা কমিটিও আছে। এর বাইরে চট্টগ্রামের আটটি শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে মহিউদ্দিন গ্রুপ ও আ জ ম নাছির গ্রুপ ভাগাভাগি করে নিয়ন্ত্রণ করছে। এর মধ্যে চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়, ওমরগনি এমইএস কলেজ ও ইসলামিয়া কলেজ মহিউদ্দিন অনুসারীদের দখলে। চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম আইন কলেজ, সরকারি কমার্শিয়াল ইনস্টিটিউট, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট নিয়ন্ত্রণ করেন আ জ ম নাছিরের অনুসারীরা। ইতিমধ্যে সরকারি সিটি কলেজের নিয়ন্ত্রণ মহিউদ্দিনের কাছ থেকে সাংসদ নুরুল ইসলাম ও আফছারুল আমীনের পক্ষে চলে গেছে। ছাত্রলীগ নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, দুই নেতা এক হলেও বিভিন্ন জাতীয় দিবস এবং রাজনৈতিক কর্মসূচি গ্রুপের সিদ্ধান্ত অনুসারে পালিত হয়। আ জ ম নাছিরের নিয়ন্ত্রণে থাকা কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে মহানগর ছাত্রলীগের নেতাদের ঢোকা এখনো অলিখিতভাবে নিষিদ্ধ। জানা যায়, ২০০৩ সালের ডিসেম্বরে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সর্বশেষ কমিটি গঠন করা হয়। ওই কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক দুজনই রাখা হয় মহিউদ্দিন চৌধুরীর পক্ষ থেকে। তাঁদের মধ্যে সভাপতি এম আর আজিম এমইএস কলেজ এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাহউদ্দিন সিটি কলেজ ব্লকের প্রতিনিধিত্ব করেন। প্রায় আট বছর আগের ওই কমিটিতে আ জ ম নাছির গ্রুপকে দুটি সহসভাপতি ও একটি সাংগঠনিক সম্পাদকসহ ১২টি পদ দেওয়া হয়। কিন্তু সভাপতি ও সম্পাদকের যেকোনো একটি না পেয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে আ জ ম নাছির গ্রুপ ওই কমিটি প্রত্যাখ্যান করেছিল। তবে কমিটি থেকে পদত্যাগ করলেও কেন্দ্র তা গ্রহণ করেনি। কিন্তু রাজনীতির মাঠে তাঁরা এই পদগুলো ব্যবহার করেন না। আ জ ম নাছির গ্রুপের সাবেক ছাত্রনেতা হাসান মুরাদ বিপ্লব বলেন, ‘ছাত্রশিবিরের হাতে আট ছাত্রলীগ নেতা নিহত হওয়ার বিনিময়ে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের কমিটি দেওয়া হয়েছে। অথচ তাঁদের কবরে কোনোদিন ফুল দিতে যাননি বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক।’ তিনি বলেন, ‘ছাত্রলীগে নতুন নেতৃত্ব প্রয়োজন। কারণ সময়ের প্রয়োজনীয়তা সবাইকে উপলব্ধি করতে হবে। এর আগে চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাবেক সভাপতি মফিজুর রহমান স্বেচ্ছায় দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন। বর্তমান নেতৃত্বেরও উচিত তা অনুসরণ করা। ’মহানগর আওয়ামী লীগ নেতা আ জ ম নাছির উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘ছাত্রলীগকে ঐক্যবদ্ধভাবে ঢেলে সাজাতে আমি মহিউদ্দিন ভাইকে অনুরোধ করেছি। তিনিও এর প্রয়োজনীয়তা অনুভব করছেন। আশাকরি শিগগিরই আমরা একটি পরিবর্তন দেখতে পাব।’ তিনি স্বীকার করেন, ছাত্রলীগ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মহানগর নেতাদের পরিবর্তে নিজেদের মতো করে কর্মসূচি পালন করছে। চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি এম আর আজিম বলেন, ‘আমরা বিদায়ের প্রান্তে আছি। কাজেই এ সময়ে আমরা ছাত্রলীগে সমন্বয় দেখতে চাই। এজন্য নানাভাবে চেষ্টা অব্যাহত আছে।’