মহিউদ্দিন ও মঞ্জুরের পক্ষে প্রচারে নেমেছেন নেতারা
অবশেষে বরফ গলতে শুরু করেছে। চট্টগ্রামে সংখ্যালঘু সম্প্রদায় ও আওয়ামী লীগের ক্ষুব্ধ অংশটি মান-অভিমান ভুলে নাগরিক কমিটির প্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরীর পক্ষে প্রচারণায় নামার সিদ্ধান্ত নিয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে গত রোববার শতবর্ষী বিপ্লবী বিনোদবিহারী চৌধুরী ও আইনজীবী রানা দাশগুপ্তের সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্ত হয়। রোববার বিকেলে জে এম সেন হলের সভা থেকে সংখ্যালঘু নেতারা মহিউদ্দিন চৌধুরীর পক্ষে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন। ওই সভায় অন্যদের মধ্যে নগর আওয়ামী লীগের সাবেক নেতা আ জ ম নাছিরও উপস্থিত ছিলেন। নাছির মেয়র প্রার্থী মহিউদ্দিন চৌধুরীর বিরোধী হিসেবে পরিচিত। বৈঠকে সংখ্যালঘু নেতারা বলেন, ‘আমরা নীতি-আদর্শ বিসর্জন দিতে পারি না।’ তবে ইতিমধ্যে সাংসদ এম এ লতিফ মহিউদ্দিনের পক্ষে কাজ করার ঘোষণা দিলেও সাংসদ নুরুল ইসলাম এখনো নীরব রয়েছেন। এদিকে, বিএনপির চট্টগ্রাম অঞ্চলের কেন্দ্রীয় নেতারাও জোরেশোরে এম মঞ্জুর আলমের পক্ষে প্রচারণায় নেমেছেন বলে জানা গেছে। তবে একমঞ্চে কেন্দ্রীয় নেতাদের দেখা যাচ্ছে না। এ নিয়ে কর্মী-সমর্থকদের মধ্যে কানাঘুষা চলছে। বিএনপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে আবদুল্লাহ আল নোমান, এম মোরশেদ খান, মীর মোহাম্মদ নাছিরউদ্দিন প্রচারণা চালাচ্ছেন বলে জানা গেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীও সম্প্রতি চট্টগ্রামে এসে প্রার্থীর পক্ষে কাজ করেছেন। নাগরিক কমিটি: আওয়ামী লীগের দলীয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সহপ্রচার সম্পাদক অসীম কুমার উকিল, কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর সাত্তার ওরফে টিংকু ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ ক্ষুব্ধ অংশটিকে সংগঠিত করে মাঠে নামানোর চেষ্টা করছেন। রোববার সকালে নগরের দেওয়ানজী পুকুরপাড়ের বাসায় আইনজীবী রানা দাশগুপ্ত এবং মোমিন রোডের বাসায় বিনোদবিহারী চৌধুরীর সঙ্গে বৈঠক করেন আওয়ামী লীগ নেতারা। তাঁরা এ দুই বিশিষ্ট ব্যক্তির ক্ষোভের কথা শোনেন। তাঁরা চট্টগ্রামের দুটি পত্রিকার সম্পাদকের সঙ্গেও কথা বলেন বলে জানা গেছে। দলীয় সূত্র আরও জানায়, আওয়ামী লীগ নেতারা বিনোদবিহারী চৌধুরী ও রানা দাশগুপ্তকে জানান, তাঁরা প্রধানমন্ত্রীর নির্দেশে চট্টগ্রামে এসেছেন। মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ক্ষোভের কথা তাঁরা শুনেছেন। তবে এ মুহূর্তে বিভেদ সৃষ্টি না করে ঐক্যবদ্ধভাবে প্রচারণায় নামার জন্য সংখ্যালঘু নেতাদের অনুরোধ জানান। জানা যায়, রোববার বিকেলে জে এম সেন হলে অনুষ্ঠিত সভায় বিনোদবিহারী চৌধুরী ও রানা দাশগুপ্ত প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা বলেন, ‘আমরা নীতি-আদর্শ বিসর্জন দিতে পারি না। প্রধানমন্ত্রীর নির্দেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা আমাদের কাছে এসেছেন। এটা আমাদের জন্য বড় সম্মানের বিষয়। আমরা প্রধানমন্ত্রীর প্রার্থীকে ভোট দেব। ভোটে জেতার পর মেয়র যেন আমাদের সঙ্গে ভালো আচরণ করেন।’স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে কিছু নেতার ক্ষোভ ছিল। চট্টগ্রামের বিভিন্ন শ্রেণীর নেতাদের সঙ্গে বৈঠক করার পর আমরা বুঝতে পেরেছি, এ ক্ষোভ এখন আর নেই। তাঁকে জয়ী করে আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’ এ প্রসঙ্গে আওয়ামী লীগ নেতা আ জ ম নাছিরউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘মেয়র প্রার্থী নিয়ে ক্ষোভ থাকতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে প্রার্থীকে জিতিয়ে আনতে নির্দেশ দিয়েছেন তাঁর পক্ষে আমরা প্রচারণা শুরু করেছি। নীতি বিসর্জন দিয়ে আমরা অন্য প্রার্থীর পক্ষে কাজ করতে পারি না। নীতি বিসর্জন দিলে মঞ্জুরের বদলে আমি বিএনপি সমর্থিত প্রার্থী হতে পারতাম।’ নগরের হালিশহরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন মেয়র প্রার্থী মহিউদ্দিন চৌধুরী। এ সময় শত শত মানুষ তাঁর সঙ্গে হাত মেলান। মহিউদ্দিন চৌধুরী উপস্থিত লোকজনকে প্রতীক দেখিয়ে বলেন, ‘আমার প্রতীক জাহাজ। আপনারা আমার জন্য দোয়া করবেন।’এদিকে, মহিউদ্দিন চৌধুরী প্রতিপক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন। নন্দনকাননের নাগরিক কমিটির কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, ‘আমার প্রতিপক্ষ আচরণবিধি ভঙ্গ করে চলেছেন। আমাকে কটূক্তি ও ব্যঙ্গ করে কথা বলছেন। চট্টগ্রাম ইসলামিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. মাহবুব উল্লাহ আমার ইশতেহার সম্পর্কে কটূক্তি করেছেন, যা দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে। উপাচার্য সাহেব বিজ্ঞ মানুষ। আমি তাঁকে শ্রদ্ধা করি। তবে প্রতিপক্ষ প্রার্থীর বিরুদ্ধে কটূক্তি করা আচরণবিধির লঙ্ঘন।’মহিউদ্দিন চৌধুরী প্রার্থীদের সঙ্গে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট ও ভিডিও ক্যামেরা দেওয়ার দাবি জানিয়ে বলেন, ‘প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করছেন কি না তা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের। আমিও যদি আচরণবিধি লঙ্ঘন করি, আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমার প্রতিপক্ষের সমর্থকেরা ট্রাক মিছিল নিয়ে এসে রাস্তায় সভা করছেন।’চট্টগ্রাম উন্নয়ন আন্দোলন: বিএনপি ও জামায়াত সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী এম মঞ্জুর আলমকে জিতিয়ে আনতে চট্টগ্রামের বিএনপি নেতারা জোরেশোরে প্রচারণা চালাচ্ছেন। বিভিন্ন নির্বাচনী এলাকায় গিয়ে তাঁরা এ প্রচারণা চালাচ্ছেন। ইতিমধ্যে আবদুল্লাহ আল নোমান তাঁর নির্বাচনী এলাকার নেতা-কর্মীদের নিয়ে ঘরোয়া বৈঠক করেছেন। ওই বৈঠকে এম মঞ্জুর আলমও উপস্থিত ছিলেন। পরে তিনি তাঁর নির্বাচনী এলাকা পাহাড়তলী ও হালিশহর এলাকায় মঞ্জুরকে নিয়ে গণসংযোগ করেন। একইভাবে এম মোরশেদ খান তাঁর নির্বাচনী এলাকা চান্দগাঁও ও মোহরায় প্রচারণা চালিয়েছেন। এ সময় তাঁরা মঞ্জুরকে ভোট দিতে দলীয় কর্মী-সমর্থকদের প্রতি আহ্বান জানান।মীর মোহাম্মদ নাছিরউদ্দিনও সৌদিআরব থেকে দেশে ফিরে প্রচারণা শুরু করেছেন। গত সোমবার রাতে তিনি চট্টগ্রামে আসেন। পরদিন মঙ্গলবার বিকেলে তিনি চট্টগ্রাম নগর বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করেন। বিশেষ করে ২০০৫ সালের নির্বাচনে তাঁর পক্ষে যাঁরা ভোটকেন্দ্রে কাজ করেছেন তাঁদের নিয়ে মীর নাছিরের ওই বৈঠক হয়। বিএনপির কেন্দ্রীয় এক নেতা নাম প্রকাশ না করে প্রথম আলোকে বলেন, ‘কেন্দ্রীয় নেতারা একমঞ্চে আসতে না পারলে কর্মী-সমর্থকদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা হবে না। নগরবাসী পরিবর্তন চান। বিএনপির নেতারা নগরবাসীর মনোভাব কীভাবে কাজে লাগাবেন তা দেখার অপেক্ষায় আছি।’