চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে আ জ ম নাছির উদ্দিনের দূরত্ব কমছে। ভবিষ্যতে তাঁরা দুজনই ঐক্যবদ্ধ হয়ে দলীয় কর্মকাণ্ড পরিচালনা করতে চান। কেন্দ্রের হস্তক্ষেপে তাঁদের মধ্যে এই ঐক্য তৈরি হয়েছে বলে দলীয় নেতারা জানিয়েছেন। দলীয় সূত্র জানায়, মহানগর আওয়ামী লীগের কমিটি পূর্ণাঙ্গ করতে কেন্দ্র থেকে উদ্যোগ নেওয়া হয়। দলীয় সভানেত্রী শেখ হাসিনাও বিষয়টি পর্যবেক্ষণ করছেন। সবাইকে এককাতারে এনে দলকে শক্তিশালী করতে কেন্দ্রের এই উদ্যোগ। তবে তা বানচাল করতে স্থানীয় কিছু নেতা ঢাকায় গিয়ে নানামুখী তৎপরতা চালাচ্ছেন বলে জানা গেছে। বিশেষ করে মহিউদ্দিন চৌধুরীকে বাদ দেওয়া তাঁদের লক্ষ্য। কিন্তু কেন্দ্র থেকে মহিউদ্দিন চৌধুরীকে রেখেই মহানগর কমিটি পূর্ণাঙ্গ করার প্রক্রিয়া চলছে। এ ক্ষেত্রে সাধারণ সম্পাদক পদে পরিবর্তন আসতে পারে বলে আভাস পাওয়া গেছে। বর্তমানে সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন কাজী ইনামুল হক। প্রসঙ্গত, ২০০৬ সালের ১৬ জুন মহানগর আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম ও বীর বাহাদুর ওই সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্মেলনে এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে সভাপতি ও কাজী ইনামুল হককে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। পরে মৌখিকভাবে জ্যেষ্ঠ আরও ২৩ নেতাকে অন্তর্ভুক্ত করে কমিটির সদস্যসংখ্যা ২৫ জনে উন্নীত করা হয়। সাড়ে পাঁচ বছর পেরিয়ে গেলেও ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি করা হয়নি। এর মধ্যে কমিটির তিন নেতা এম এ মান্নান, আবু তালেব চৌধুরী ও খালেকুজ্জামান মারা গেছেন। নেতা-কর্মীরা জানান, দেড় বছর আগে অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের পরে মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে আ জ ম নাছিরের দূরত্ব কমে আসে। একসঙ্গে রাজনৈতিক কর্মসূচিও পালন করেন। পরে আবার তাঁদের মধ্যে ব্যবধান বাড়তে থাকে। সম্প্রতি কমিটি গঠন নিয়ে দূরত্ব কমে যায়। মহিউদ্দিন চৌধুরীর ঘনিষ্ঠ সূত্র জানায়, কেন্দ্রের উদ্যোগকে পুরোপুরি সমর্থন দিচ্ছেন মহিউদ্দিন চৌধুরী। দলীয় নেতাদের সঙ্গে তিনি দূরত্ব রাখতে চাইছেন না। তবে এ ব্যাপারে তিনি এখন কোনো কথা বলছেন না। কয়েক দিন আগে যোগাযোগ করা হলে মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘আমার মুখ বন্ধ।’ আ জ ম নাছির প্রথম আলোকে বলেন, ‘কিছু বিষয় নিয়ে একসময় মহিউদ্দিন ভাইয়ের সঙ্গে আমার মতপার্থক্য ছিল। আপন দুই ভাইয়ের মধ্যে অনুরূপ মতপার্থক্য থাকতে পারে। আমরা একই আদর্শে বিশ্বাসী। তিনি শুধু আমার নয়, আমাদের সবার নেতা। দল পরিচালনায় তাঁর অভিজ্ঞতা কাজে লাগাতে হবে। তাঁর নেতৃত্বেই সবাইকে ঐক্যবদ্ধ করে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে।’ মহিউদ্দিন চৌধুরী ও আ জ ম নাছিরের মধ্যে দূরত্ব কমে আসা প্রসঙ্গে নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম সরাসরি কোনো মন্তব্য করেননি। তবে তিনি বলেন, ‘আওয়ামী লীগ গণমানুষের সংগঠন। এই সংগঠনের সদস্যরা এমন কিছু করবে না, যাতে দলের ভাবমূর্তি নষ্ট হয়। যারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী, তাদের মধ্যে কৌশলের পার্থক্য কিংবা ব্যক্তিত্বের সংঘাত থাকতে পারে। এটাই স্বাভাবিক। আর কেউ কারও বিরোধিতা করলে তা সারা জীবন ধরে চলতে পারে না।’