বিরোধ মেটাতে ঐক্যের ডাক দিয়েছেন নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। আর মহিউদ্দিনের ডাকে শর্ত জুড়ে দিলেন সহসভাপতি ও সাংসদ নুরুল ইসলাম বিএসসি। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, আগে কোন্দল নিরসন, পরে ঐক্যবদ্ধ বৈঠক।২ ডিসেম্বর সন্ধ্যায় নগর আওয়ামী লীগের বৈঠকে বিরোধ-মীমাংসা করে সংগঠনকে ঐক্যবদ্ধ করার তাগিদ দেন মহিউদ্দিন চৌধুরী। বিরোধী দলের চলমান আন্দোলন রাজনৈতিকভাবে মোকাবিলা এবং সংগঠনকে গতিশীল করতে এ উদ্যোগ নিয়েছেন তিনি। এ ব্যাপারে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন ও সাংসদ নুরুল ইসলাম বিএসসির কাছে তিনি বার্তা পাঠাচ্ছেন বলে জানা গেছে। মন্ত্রী আফছারুল নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। দলীয় সূত্র জানায়, ২০০৮ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের পর মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে নুরুল ইসলাম বিএসসি ও আফছারুল আমীনের ঠান্ডা লড়াই শুরু হয়। দেড় বছর আগে অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে তাঁদের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্য রূপ নেয়। ফলে দেড় বছর ধরেই নগর আওয়ামী লীগের কর্মকাণ্ড আলাদাভাবে পরিচালিত হচ্ছে। ঐক্যের ডাক দেওয়া প্রসঙ্গে মহিউদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘সরকার পরিচালনা করছে আমাদের দল। আরও কয়েকটি দল নিয়ে আমাদের নেত্রী শেখ হাসিনা মহাজোট করেন। অথচ আমাদের মধ্যে বিভক্তি দলের সাংগঠনিক কাঠামোকে দুর্বল করে দিচ্ছে। বিরোধী দলের চলমান আন্দোলন রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে। তাই সংগঠনকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ নিয়েছি।’ সাংসদ নুরুল ইসলাম বিএসসিও ঐক্যবদ্ধ আওয়ামী লীগ দেখতে আগ্রহী। তবে পুরোনো বিরোধ নিরসনের আগে তিনি ঐক্যপ্রক্রিয়ার বৈঠকে বসবেন না বলে সাফ জানিয়ে দেন। সাংসদ নুরুল ইসলাম বিএসসি এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘২০০৮ সালের নির্বাচনে প্রার্থী মনোনয়নের সময় উনি (মহিউদ্দিন) আমাদের বিরোধিতা করেছেন। ওই সময় ১০১ বার তাঁর সঙ্গে দেখা করতে চেয়েছি। তিনি একবারও দেখা করেননি। আমাদের কিল ও লাঠি মেরে এখন ঐক্যের কথা বলছেন। আগের বিরোধ নিরসন হলেই আমরা ঐক্যবদ্ধ হব। উনাকেই বিরোধ নিরসন করতে হবে।’নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম বলেন, ‘নগর আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিরোধ নিরসনের জন্য তো ২ ডিসেম্বর বর্ধিত সভা করা হয়। নুরুল ইসলাম বিএসসি সাহেব তো নগর আওয়ামী লীগের সহসভাপতি। বিরোধ নিরসন করতে হলে তাঁকে নগর আওয়ামী লীগের সঙ্গে বৈঠকে বসতে হবে। আর এই বৈঠক কি বেতার ও টেলিভিশনের মাধ্যমে ঘোষণা দিয়ে করতে হবে?’ তিনি আরও বলেন, ‘সংগঠনের গঠনতন্ত্র আছে। গঠনতন্ত্র মেনে একটা প্রক্রিয়ার মাধ্যমে কোন্দল নিরসন করা হয়। প্রক্রিয়া সম্পর্কে আমাদের সবার জানা থাকা উচিত।’সাংসদ নুরুল ইসলাম বিএসসি এবং মন্ত্রী আফছারুল আমীনের সঙ্গে আছেন নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন চৌধুরী। তিনি প্রথম আলোকে বলেন, ‘পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানগুলোতে মন্ত্রী আফছারুল, এমপি বিএসসি এবং সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীকে একসঙ্গে দেখা যায়। তখন আমরা সবাই আন্তরিকতার সঙ্গে কথা বলি। কিন্তু সাংগঠনিক ক্ষেত্রে বিরোধ থাকবে কেন?’ এদিকে দলীয় মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে সাংসদ নুরুল ইসলাম বিএসসি ও মন্ত্রী আফছারুল আমীনের বিরোধিতা করেননি বলে দাবি করেন মহিউদ্দিন চৌধুরী। তিনি বলেন, ‘ঢাকার নীতিনির্ধারকেরা তাঁদের মনোনয়ন দিয়েছেন। আমাদের সমর্থনে তাঁরা এমপি এবং পরে কেউ মন্ত্রী হয়েছেন। ২০০৮ এবং ১৯৭৩ সালের মাঝখানের নির্বাচনগুলোতে আমরা চট্টগ্রামে এত বিপুল ভোটে তো জয়ী হতে পারিনি। তাঁরা দলকে বিভক্ত করে রাখতে চাইলে তা হবে আত্মঘাতী। সেটা সবাইকে উপলব্ধি করতে হবে।’প্রসঙ্গত, ২০০৬ সালের ১৬ জুন মহানগর আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম ও বীর বাহাদুর ওই সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্মেলনে এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে সভাপতি ও কাজী ইনামুল হক দানুকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। পরে জ্যেষ্ঠ আরও কয়েকজন নেতাকে অন্তর্ভুক্ত করে কমিটির সদস্যসংখ্যা ২৩ জনে উন্নীত করা হয়। জাতীয় সংসদ ও সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করেই নগর আওয়ামী লীগে বিভক্তির সৃষ্টি।এদিকে নগর আওয়ামী লীগের বিভক্তির প্রভাব বিজয় মেলায় পড়েছে। মহিউদ্দিন চৌধুরীর বিরোধী হিসেবে পরিচিত সাংসদ নুরুল ইসলাম বিএসসি নগরের লালদীঘি ময়দানে ১ ডিসেম্বর থেকে বিজয় মেলা শুরু করেন। ১০ ডিসেম্বর আরেকটি বিজয় মেলা শুরু হয়েছে এক কিলোমিটার দূরে আউটার স্টেডিয়ামে। আউটার স্টেডিয়ামের বিজয় মেলার উদ্যোক্তা মহিউদ্দিন চৌধুরী।