মহিউদ্দিনের ডাকে সাড়া নেই সাংসদদের?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের মনোনয়নপ্রত্যাশী ও তৃণমূল নেতাদের সঙ্গে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০ সেপ্টেম্বর ঢাকায় মতবিনিময় করবেন। এতে চট্টগ্রামের বিভিন্ন থানা, উপজেলা ও প্রথম শ্রেণীর মর্যাদাপ্রাপ্ত পৌর কমিটির নেতারাও অংশ নেবেন।
এর আগেই আগামী শনিবার মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বিভিন্ন ওয়ার্ড নেতাদের মতবিনিময় সভার আয়োজন করেছে নগর আওয়ামী লীগ। নগর কমিটির সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু মুসলিম হল ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিতব্য এই মতবিনিময় সভায় চট্টগ্রামের তিন সাংসদের উপস্থিতি নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
তাঁদের মতে, মনোনয়নের বিষয়ে প্রধানমন্ত্রী যেখানে তৃণমূলের সঙ্গে মতবিনিময় করার জন্য ডেকেছেন, সেখানে নতুন করে সভার দরকার নেই। এতে জটিলতা বাড়বে। এ ছাড়া, এই সভায় তৃণমূলের রোষানলে পড়ার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না সংশ্লিষ্ট নেতা-কর্মীরা।
শনিবারের মতবিনিময় সভায় যাচ্ছেন কি না, এ নিয়ে জানতে চাইলে কোতোয়ালি আসনের সাংসদ নুরুল ইসলাম বলেন, ‘আমাদের তো এ বিষয়ে কিছু বলা হয়নি। কী সভা, কেন সভা, এটা জানি না। আর তা ছাড়া, ওই সময় সংসদ চলবে। আমি সংসদে থাকব।’
সূত্র জানায়, ঢাকায় প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিতব্য মতবিনিময় সভায় চট্টগ্রাম নগরের তিনটি আসনের সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে থানা কমিটির নেতাদের কাছে মতামত চাওয়া হবে। সেখানে ওয়ার্ড নেতাদের স্থান নেই। তাই এর আগে ওয়ার্ড নেতাদের কাছ থেকে সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে মতামতনেওয়ার জন্য শনিবারের সভাটি আহ্বান করা হয়েছে বলে সূত্রে জানা গেছে।
এ ধরনের সভাকে ইতিবাচক দৃষ্টিতে দেখলেও নিজে ওই সভায় উপস্থিত থাকছেন না চট্টগ্রাম বন্দর আসনের সাংসদ এম এ লতিফ। তার আগেই তিনি বিদেশে চলে যাবেন বলে জানা গেছে।
জানতে চাইলে তিনি বলেন, ‘যদি চাপমুক্তভাবে তৃণমূল নেতারা সম্ভাব্য প্রার্থীর বিষয়ে তাঁদের মতামত দিতে পারেন, তাহলে এই সভা অবশ্যই ইতিবাচক। এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ। আমি বিদেশ যাওয়ার পূর্বনির্ধারিত সূচি থাকায় সভায় অংশ নিতে পারছি না।’
উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত বর্ধিত সভায় ওয়ার্ডের তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় সভার সিদ্ধান্ত নেওয়া হয়। মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় ৪৪টি সাংগঠনিক ওয়ার্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তবে ওই সভায় উপস্থিত ছিলেন না দলের যুগ্ম সম্পাদক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফছারুল আমীন।
বর্তমানে তিনি বিদেশে থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তবে বিদেশে যাওয়ার আগে বিভিন্ন গণমাধ্যমে তৃণমূলের এই সভা নিয়ে তিনি কথা বলেছিলেন। মন্ত্রী বলেছিলেন, ‘মনোনয়নের বিষয়ে প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী মতবিনিময় করবেন তৃণমূলের সঙ্গে। সেখানে আবার ওয়ার্ড পর্যায়ে মতবিনিময়ের দরকার কী?’ ওই সভায় উপস্থিত থাকবেন কি না সে বিষয়ে তখন তিনি স্পষ্ট করে কিছু বলেননি। কাল মন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
বর্ধিত সভায় উপস্থিত ছিলেন নগর কমিটির আরেক যুগ্ম সম্পাদক মহিউদ্দিন চৌধুরীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত খোরশেদ আলম। ওয়ার্ড নেতাদের সঙ্গে মতবিনিময়ে সাংসদদের অনাগ্রহের বিষয়ে জানতে চাইলে খোরশেদ আলম বলেন, ‘এটা দলের নেতা-কর্মীদের বৈঠক। একটি নির্বাচনী হাওয়া তৈরি করার জন্য এই সভা আহ্বান করা হয়েছে। ওয়ার্ড নেতারা যেহেতু ঢাকায় যাবেন না, তাই তাঁদের একটু সম্মান করা কিংবা গুরুত্ব দেওয়ার জন্য এই সভা। এতে ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই।’