মহিবুল্লাহর সেবার ব্রত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. মহিবুল্লাহ
মো. মহিবুল্লাহ

পড়ার সময় পড়া আর খেলার সময় খেলা, এই সূত্র মেনে গ্রামের আর দশটা ছেলের মতোই তাঁর বেড়ে ওঠা। ক্রিকেট, ফুটবল আর ব্যাডমিন্টন খেলায় তুখোড়, পড়ালেখায়ও তিনি পিছিয়ে নেই । পাশের যে বন্ধুটি পড়াশোনায় দুর্বল, ক্লাসে কিংবা ক্লাস শেষেও বাসায় গিয়ে তাকে পড়া বুঝিয়ে দিতেন। চুপি চুপি বই কিনে দিতেন গরিব কোনো শিক্ষার্থীকে। আশপাশের মানুষের দুরবস্থা তাঁকে ভাবিয়ে তুলত খুব। একে একে স্কুল-কলেজ ডিঙিয়ে আসা সেই ছেলেটি মো. মহিবুল্লাহ। এখন পড়ছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষে।
মহিবুল্লাহর হাত ধরেই গড়ে উঠেছে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সোসাইটি। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার প্রোগ্রামিং ক্লাবের আহ্বায়কও তিনি। বিশ্ববিদ্যালয়ের যেকোনো অনুষ্ঠান, জাতীয় দিবস, শিক্ষাসফরসহ সব উত্সব-আয়োজনে নেতৃত্ব দেন সামনে থেকে। শিক্ষকদের কাছেও তিনি ভরসার পাত্র। সব সামলে পড়াশোনাও চলছে সমান তালে। এখন পর্যন্ত বিভাগের সর্বোচ্চ সিজিপিএ ৩.৮০ রয়েছে তাঁর দখলে।
বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে প্রতি সেমিস্টারের প্রতিটি কোর্স নিজে যেমন নোট করে পড়তেন, তা আবার তুলে দিতেন জুনিয়র ব্যাচের শিক্ষার্থীর হাতে। ‘দিনে দিনে অবস্থা এমন হয়ে গিয়েছিল, ভাইয়ের লেখা নোট ছাড়া আমরা পড়া শুরু করতাম না।’ বলছিলেন জুনিয়র ব্যাচের শিক্ষার্থী খলিল। বই কেনার আগেই চলে মহিবুল্লাহর কাছ থেকে হ্যান্ড নোট পাওয়ার অপেক্ষা।
এখানেই শেষ নয়, বন্ধুদের নিয়ে গড়ে তুলেছেন সজাগ ফাউন্ডেশন। সংগঠনের মাধ্যমে গরিব শিক্ষার্থীদের হাতে বই-খাতা-কলম তুলে দেওয়া, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের আর্থিক সহায়তা দেওয়া, জরুরি মুহূর্তে রক্তের ব্যবস্থা করা, শীতার্তদের শীতবস্ত্র বিতরণ, বর্ষায় বৃক্ষরোপণসহ বেশ কিছু সামাজিক কাজের সঙ্গে জড়িত আছেন তিনি। অনিক নেওয়াজ, খলিল আহমেদ, চৌধুরী শাহরিয়ার মোজাম্মেল ও আরও কজন বন্ধুকে নিয়ে তৈরি করেছেন অনলাইনে স্বাস্থ্যসেবা খোঁজার একটি অ্যাপ। খলিল বুঝিয়ে বললেন, ‘কেউ একজন অপরিচিত কোথাও গিয়ে যদি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, সে ক্ষেত্রে তিনি শুধু জায়গার নাম সেই অ্যাপে সিলেক্ট করলেই হবে। সঙ্গে সঙ্গে নিকটবর্তী হাসপাতাল, ফার্মেসি ও ব্লাড ব্যাংকের খোঁজ পেয়ে যাবেন।’
বাবার বড় ছেলে মহিবুল্লাহ। শুরু থেকেই পড়ার খরচ নিজে চালিয়ে আসছেন। বাবা সম্প্রতি অবসর নেওয়ায় তাঁর ওপর দায়িত্ব বেড়ে গেছে আরও। বলছিলেন, ‘সম্প্রতি যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল জার্নাল অব কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন সিকিউরিটি সাময়িকীতে আমার থিসিস পেপার প্রকাশিত হয়েছে। উচ্চশিক্ষার জন্য তাই বৃত্তি নিয়ে দেশের বাইরে যাওয়ার ইচ্ছে আছে। তবে ফিরবও শিগগিরই। কর্মক্ষেত্রে আর যা ই করি না কেন, দেশের জন্য সমাজসেবাটুকু চালিয়ে যেতে চাই আজীবন।’