মহিরায় চলছে মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটিয়ায় চলছে বর্ষবরণের বিপুল আয়োজন। ঐতিহ্যবাহী হাইদগাঁও-চক্রশালায় বৌদ্ধদের তীর্থস্থান ফঁরাতরা চৈত্যমেলা ও জিরি মহিরা ক্ষেত্রপাল মেলা উপলক্ষে জেগে উঠেছে গ্রামীণ জনপদ। পটিয়া সম্মিলিত বর্ষবরণ উদ্যাপন পরিষদের উদ্যোগে ডাকবাংলো আম্রকানন প্রাঙ্গণে দুই দিনের বর্ষবিদায় ও বরণ অনুষ্ঠান চলছে। প্রতিবারের মতো এবারও কেলিশহরের কয়েকটি সাংস্কৃতিক সংগঠন ইউনিয়ন পরিষদ মাঠে নববর্ষ পালন ও হাইদগাঁও উচ্চবিদ্যালয় চৈত্রসংক্রান্তির অনুষ্ঠান করছে। বড় উঠানে জমিদার আছাদ আলী খাঁ প্রবর্তিত বৈশাখী মেলা হবে ২০ ও ২১ এপ্রিল।পটিয়ার কয়েকটি এলাকার মিষ্টির খুবই খ্যাতি রয়েছে। নববর্ষ উপলক্ষে ঐতিহ্যবাহী ধলঘাট সিদ্ধেশ্বরী, কেলিশহর ভট্টাচার্য্যহাট ও কমল মুন্সিরহাটের গৌরাঙ্গের দোকানে ভিড় জমছে। জানা যায়, প্রায় ২০০ বছর ধরে মহিরা বিগ্রহ মন্দিরে ১৪ ও ১৫ এপ্রিল ক্ষেত্রপাল মেলা বসে। মন্দিরের সামনে পুরো দক্ষিণ চট্টগ্রাম থেকে গাছা এসে জড়ো হন। তাঁরা এলোচুলে ভেজা কাপড়ে ধ্যানমগ্ন থাকেন, নৃত্য করেন। এবারও তা-ই হবে। মেলা কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ দাশ বলেন, ‘মেলায় পুরো দক্ষিণ চট্টগ্রাম থেকে হাজারও মানুষ এসেছে। বিক্রেতারা অস্থায়ী দোকান খুলেছেন। আইনশৃঙ্খলা রক্ষায় মেলা উপলক্ষে ইউনিয়ন পরিষদ ও থানা প্রশাসন আন্তরিকভাবে দায়িত্ব পালন করছে।’হাইদগাঁও-চক্রশালা ঐতিহাসিক বৌদ্ধ তীর্থ সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক প্রিয়তোষ চৌধুরী বলেন, ‘প্রতিবছর এখানে বৌদ্ধদের ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে মেলা বসে।’পটিয়া সম্মিলিত বর্ষবরণ উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ সৈয়দ বলেন, নববর্ষ উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হবে। এর মধ্যে রয়েছে পুঁথি পাঠ, নাটক, চিত্রাঙ্কন, প্রবন্ধ লেখা, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সাংসদ সামশুল হক চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন সংরক্ষিত মহিলা সাংসদ চেমন আরা বেগম, মেয়র অধ্যাপক হারুণর রশিদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হোসেন।