মহিলা আসনে পুরুষ
একটি বেসরকারি কলেজের শিক্ষিকা শরিফা আকতার বলেন, ‘আমার মেয়ে নগরের নামকরা একটি বিদ্যালয়ে পড়ে। ইদানীং দেখি সে বিদ্যালয়ে যেতেই চায় না। কখনো পেটব্যথা, কখনো মাথাব্যথার অজুহাতে বিদ্যালয়ে না যাওয়াটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে। মেয়েকে ডাক্তার দেখাই। কিন্তু ডাক্তার বলেন, পুরো ব্যাপারটাই মানসিক। বিদ্যালয়ের জন্য পাগল মেয়েটি কেন হঠাৎ বিদ্যালয়বিমুখ হয়ে পড়ল সে রহস্যের কিনারা করতে গিয়ে জানতে পারলাম অবাক করা এক ঘটনা। সিটি বাসে ভদ্রবেশী তথাকথিত শিক্ষিত যাত্রীরা মেয়ের সঙ্গে অশোভন আচরণ করে। এ কারণে মানসিক আঘাত পায় আমার মেয়ে।’ অনেকের অভিযোগ, বাসের ভেতর ভিড়ে দাঁড়িয়ে থাকা মেয়েদের ঘেঁষে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করে অনেক পুরুষ, ইচ্ছে করে পায়ে পা ঠেকায়, অশালীন ইঙ্গিত ও গায়ে হাত দেওয়ার চেষ্টা করে। চট্টগ্রাম কলেজের মনোবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী এবং ছাত্রফ্রন্টের সদস্য ফারজানা ইয়াসমিন বলেন, “প্রায় প্রতিদিনই ১ নম্বর রুটের সিটি বাসে শিক্ষিত ও ভদ্রবেশী কিছু পুরুষ যাত্রীর সঙ্গে ঝগড়া হয় নিয়মিত। দিন কয়েক আগে মহিলা দাঁড়িয়ে আছে দেখার পরও এক পুরুষ যাত্রী মহিলা আসন ছাড়তে চাননি। তখন আমি রেগে গিয়ে তাঁকে বলি, ‘মহিলা সিট’ লেখাটা কি আপনি দেখতে পাননি?”৩ নম্বর রুটের তরী নামক সিটি সার্ভিসের যাত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ঈষিতা ঘোষ বলেন, ‘সংরক্ষিত আসন কথাটার মানেই তো ছেলেরা বুঝতে পারে না।’