মহিলা কলেজ বিজয় দিবসের আয়োজন
মহান বিজয় দিবস উপলক্ষে এনায়েত বাজার মহিলা কলেজ মুক্তিযুদ্ধভিত্তিক কবিতা ও গল্প লেখা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহমুদা খানম। প্রধান অতিথি ছিলেন স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী শীলা মোমেন। প্রধান অতিথি মুক্তিযুদ্ধে তাঁর অভিজ্ঞতালব্ধ বিভিন্ন ঘটনার ওপর আলোচনা করেন। এ সময় স্বাধীন বাংলা বেতারকেন্দ্রে ব্যবহূত তাঁর ৪০ বছর আগের ব্যক্তিগত দিনপঞ্জিটি ছাত্রীদের মধ্যে উপস্থাপন করেন। তিনি স্বাধীন বাংলা বেতারকেন্দ্রে তাঁর গাওয়া কিছু গানের কলি গেয়ে শোনান। প্রধান অতিথির পরিচিতি পাঠ করেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ইলোরা ইসলাম। স্বাগত বক্তব্য দেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক সামসুন্নাহার। মুক্তিযুদ্ধের দলিল হিসেবে খ্যাত এম আর আখতার মুকুলের চরমপত্র পাঠ করেন ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক তাসলিমা ইসলাম। একাদশ শ্রেণীর ছাত্রী সাদিরা ইসলাম পাঠ করেন একাত্তরের চিঠির অংশবিশেষ। ছাত্রীদের মুক্তিযুদ্ধভিত্তিক নৃত্য, সংগীত ও কবিতা উপস্থিত সবাইকে আপ্লুত করে। অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যাপক সাধন দত্ত ও ফাতেমা জেবুন্নেসা। বিজ্ঞপ্তি।