মহিলা কলেজে অন্য রকম আনন্দ-উল্লাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গ্রামের নওজোয়ান, হিন্দু মুসলমান’ গানটি গাইছে কলেজছাত্রী রিহুল জান্নাত। আর গানের তালে তালে মাঠপ্রাঙ্গণে নাচছিলেন কলেজের ছাত্রী আর শিক্ষক-শিক্ষিকারা। যেন এক মিলনমেলায় পরিণত হয়েছে কলেজ ক্যাম্পাস। শিক্ষার্থী-শিক্ষকেরা অন্য রকম একটি দিন কাটালেন। ১৯ ফেব্রুয়ারি দুপুরে কক্সবাজার সরকারি মহিলা কলেজের মাঠে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সবাই আনন্দ উল্লাসে মেতে ওঠেন। বেলা ১১টায় ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব এ কে এম ফজলুল করিম চৌধুরী ও পটিয়া সরকারি কলেজের অধ্যাপক রেহেনা আকতার। কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শাহ আলম নবীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী, সোনালী ব্যাংকের পরিচালক সাইমুম সরওয়ার, ক্রীড়া প্রতিযোগিতা উদ্যাপন পরিষদ আহ্বায়ক অধ্যাপক ছানোয়ারা বেগম, কলেজের শিক্ষক অধ্যাপক শহিদুল ইসলাম, সরওয়ার কামাল, মো. ছরওয়ার আলম, তপন দত্ত, ছাত্রী লায়লা আজিজ, সানজিদা আকতার প্রমুখ। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব এ কে এম ফজলুল করিম চৌধুরী বলেন, ‘শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে ভালো সম্পর্ক না থাকলে লেখাপড়ার পরিবেশ তৈরি হয় না। আমি নিজেও সব সময় ছাত্রছাত্রীদের পাশে থাকতে পছন্দ করি।’ পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে চলে নাচ-গান আর উল্লাস। সাংস্কৃতিক প্রতিযোগিতায় সেরা নুসরাত সুলতানা জানান, ক্লাসে অনেক শিক্ষককে আমরা ভয় পাই। কিন্তু আজ ভয় যেন হারিয়ে গেছে। অনুষ্ঠানে নৃত্য ও গান পরিবেশন করেন কলেজছাত্রী তাহমিনা আকতার, হিমু সুশীল, নুসরাত সুলতানা, রিহুল জান্নাত, ঐশ্বর্য দে, শাকিলা জামান, নুসরাত সুলতানা, সুলতানা নাঈমা, ফরিদা ইয়াসমিন ও তানু দত্ত।