মহিলা কলেজের এগিয়ে চলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছিলেন শিউলী বিশ্বাস। এবারও একই বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন। কয়েক পয়েন্টের জন্য জিপিএ-৪ পাননি মানবিকের সালমা আহমেদ। কিন্তু মানবিক থেকে এমন ফলাফল যে কৃতিত্বের তা শিক্ষকেরাই মনে করিয়ে দিলেন তাঁকে। শারমিন আকতার এসএসসিতে মানবিকে জিপিএ-৩ দশমিক ৫ পেয়েছিলেন। এবার পেয়েছেন ৪। নুরজাহান আকতারের আফসোস ৪ দশমিক ৮ পেয়ে, মাত্র দুটো পয়েন্ট কম!কিন্তু এসব শিক্ষার্থীর ফলাফলে উন্নতির ছাপ স্পষ্ট। মধ্যম মানের শিক্ষার্থীদের নিয়ে এগিয়ে যাচ্ছে মহিলা কলেজ (এনায়েত বাজার)। এবার কলেজের পাসের হার ৮৫। ৭২৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৬১৭ জনই পাস করেছেন। কলেজের উপাধ্যক্ষ তহুরীন সবুর বললেন, ‘আমাদের কলেজে একজন মাত্র জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী ভর্তি হয়েছিল। সে ফলাফল ধরে রেখেছে। তুলনামূলক ভাবে খারাপ ফল করা শিক্ষার্থীরাই ভর্তি হয়। তাদেরই আমরা গড়ে তুলি। তারাই আমাদের মুখ উজ্জ্বল করে।’কাজী ইসরাত জাহান (জিপিএ-৪ দশমিক ২) ও পূজা মল্লিক (জিপিএ-৪) বললেন, ‘প্রতিমাসে ক্লাসে পরীক্ষা নেওয়া, ক্লাসে উপস্থিতি নিশ্চিত করা সর্বোপরি শিক্ষকদের আন্তরিক সহায়তার কারণে আমরা ভালো ফল করেছি।’ সালমা আহমেদ যোগ করলেন কিছু কথা—‘আমাদের কলেজে সকাল নয়টা থেকে দুপুর দুটা ২০ মিনিট পর্যন্ত ক্লাস হয়। এ সময় কেউ বাইরে যেতে পারে না। নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলা ভালো ফলের পেছনে ভূমিকা রেখেছে।’ প্রভাষক ইলোরা ইসলাম, অমিত চৌধুরী ও তাসলিমা ইসলাম একই সুরে বললেন, ‘কম মেধাবী শিক্ষার্থীদের নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। কারণ দুর্বলদের ভালো করার মধ্যেই সার্থকতা।’ সে ক্ষেত্রে তাঁরা অধ্যক্ষ মাহমুদা খানমের প্রতি কৃতজ্ঞতা জানালেন। কারণ ভালো ফলাফলের জন্য অধ্যক্ষ, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে নতুন কিছু পদক্ষেপ নিয়েছেন।মহিলা কলেজে ব্যবসায় শিক্ষায় ৪৪৯ জনের মধ্যে ৪০৪, বিজ্ঞানে ১৩০ জনে ১০৩ জন ও মানবিকে ১৪৮ জনে ১১০ জন পাস করেছেন।