মহিলা হোস্টেলে সুবিধা কম ভাড়া বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী সাবরিনা সুলতানা। বাড়ি কক্সবাজার জেলায়। এখনো আসন বরাদ্দ পাননি বিশ্ববিদ্যালয়ের হলে। শহরে নেই কোনো আত্মীয়স্বজন। তাই নগরের চকবাজার এলাকার একটি ছাত্রীনিবাসেই ঠিকানা খুঁজে নিয়েছেন।সাদিয়া ইসলাম, চাকরি করেন একটি সরকারি ব্যাংকে। স্বামী ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। বাবার বাড়ি মিরসরাই। কিন্তু কর্মক্ষেত্র চট্টগ্রাম নগরে হওয়ায় বাধ্য হয়েই থাকতে হচ্ছে মহিলা হোস্টেলে।জীবিকা ও শিক্ষার তাগিদে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাবরিনা-সাদিয়ার মতো বহু কর্মজীবী নারীর ঠিকানা মহিলা হোস্টেল। নগরের কয়েকটি মহিলা হোস্টেলে থাকছেন প্রায় হাজার খানেক নারী। খাবার-দাবারের মান ও সিটভাড়া নিয়ে সন্তুষ্ট নন হোস্টেলের বাসিন্দারা।নগরের বিভিন্ন মহিলা হোস্টেলের বাসিন্দাদের সঙ্গে আলাপে জানা গেছে, হোস্টেলগুলোতে নিরাপত্তাব্যবস্থা ভালো হলেও আশানুরূপ নয় খাবারের মান। পাশাপাশি সিটভাড়া (আসন) বাড়তে থাকায় অনেকেই বেকায়দায় পড়ছেন। নগরের মহিলা হোস্টেলগুলোতে এখন সিটভাড়া সাড়ে তিন হাজার থেকে সাড়ে চার হাজার টাকা নেওয়া হচ্ছে।চট্টগ্রাম জেলার আশপাশের এলাকা থেকে জীবিকা এবং শিক্ষার কারণে অনেক নারী এখন শহরে এসে বসবাস করেন। নগরের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের জন্য নেই কোনো আবাসিক হল। যেসব প্রতিষ্ঠানে আবাসিক হল আছে, সেখানে নেই পর্যাপ্ত আসন। তাই উচ্চহারে আসনভাড়া নিয়ে বেসরকারি হোস্টেলগুলোতেই থাকতে হচ্ছে ছাত্রীদের।শিক্ষা ও কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ দিন দিন বৃদ্ধি পাওয়ায় নগরে চাহিদা বেড়েছে আবাসিক হোস্টেলগুলোর। কিন্তু বেসরকারি ছাত্রীনিবাসগুলোতে কর্মজীবী নারীদের থাকার সুযোগ নেই। নগরে কর্মজীবী নারীদের জন্য সরকারিভাবে চালু আছে একটি মাত্র হোস্টেল।নগরের চান্দগাঁও আবাসিক এলাকায় সরকারিভাবে গড়ে তোলা কর্মজীবী মহিলা হোস্টেলে আসন রয়েছে ২১৫টি। তবে এই হোস্টেলে কর্মজীবী নারীর চেয়ে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছাত্রীদের সংখ্যাই বেশি বলে অনেকের অভিযোগ। ফলে অনেক কর্মজীবী নারী সিট না পেয়েই ফিরে যান।এ ব্যাপারে কর্মজীবী মহিলা হোস্টেলের সুপার হোসনে আরা বেগম প্রথম আলোকে বলেন, ‘কলেজ-বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছাত্রীরা এই হোস্টেলে থাকে এটি সত্য, তবে তাঁরা সবাই পড়ালেখার পাশাপাশি খণ্ডকালীন চাকরিও করেন।’উচ্চ আসনভাড়া ও খাবারের মান নিয়ে জানতে চাইলে শান্তিনিকেতন মহিলা হোস্টেলের পরিচালক দোলোয়ারা বেগম বলেন, ‘হোস্টেলের খাবারের স্বাদ ও মান নিয়ে মেয়েরা অসন্তুষ্ট হওয়াটাই স্বাভাবিক। বাসাবাড়ির জীবন ও হোস্টেলজীবন তো আর এক নয়। তবুও আমরা নগরে মেয়েদের জন্য থাকা-খাওয়াসহ একটি নিরাপদ আবাসনের ব্যবস্থা করেছি।’কক্সবাজার থেকে আসা রুমি বিবিএ পড়ছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। শহরে পরিবার কিংবা আত্মীয়স্বজন না থাকায় চকবাজারের একটি হোস্টেলে থাকেন। তিনি বলেন, ‘ছোট একটা কক্ষে তিনজনের সঙ্গে ভাগাভাগি করে থাকতে হয়। কর্তৃপক্ষ পারে না শুধু আমাদের বেলকনিতে রাখতে। খাবারের মানও তেমন ভালো নয়। হোস্টেলে খাই না খাই সিটভাড়াসহ প্রতি মাসে গুনতে হয় তিন হাজার ৭০০ টাকা। হোস্টেল কর্তৃপক্ষ এর মধ্যে আবার নোটিশ দিয়েছে। আগামী জুন মাস থেকে সিট ভাড়া হবে সাড়ে চার হাজার টাকা। এই আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের পক্ষে বহন করা কষ্টসাধ্য।’ খোঁজ নিয়ে জানা গেছে, নগরের চকবাজার, চন্দনপুরা, নাসিরাবাদসহ বিভিন্ন এলাকায় প্রায় ৩০টি মহিলা হোস্টেল রয়েছে। এর মধ্যে বেগম রোকেয়া ছাত্রীনিবাস, শাহীন ছাত্রীনিবাস, চট্টগ্রাম ছাত্রীনিবাস, মাতৃছায়া ছাত্রীনিবাস, মাতৃস্নেহ ছাত্রীনিবাস, ক্লান্তি শেষে, মাতৃগৃহ ছাত্রীনিবাস, নিঝুম ছাত্রীনিবাস, কন্টিনেন্টাল ছাত্রীনিবাস, আইডিয়াল ছাত্রীনিবাস, মাতৃনিলয় ছাত্রীনিবাস, মমতা ছাত্রীনিবাস, আপন ছাত্রীনিবাস উল্লেখযোগ্য। এ ছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি কলেজ-বিশ্ববিদ্যালয়ের আশপাশে ছাত্রীনিবাস ও মহিলা হোস্টেল গড়ে উঠেছে। সিটের চাহিদা সারা বছর স্বাভাবিক থাকলেও এসব ছাত্রী হোস্টেলগুলোতে এইচএসসি পরীক্ষার পর সিটের চাহিদা বাড়ে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। এদিকে কর্মজীবী ও শিক্ষার্থীদের আবাসন সুবিধা দিতে খুলশী এলাকায়ও গড়ে উঠেছে শান্তি নিকেতন মহিলা হোস্টেল, শান্তির ছায়া মহিলা হোস্টেল, স্বপ্নের ভুবনসহ বেশ কয়েকটি মহিলা হোস্টেল। জানা গেছে দুই একটি হোস্টেল ছাড়া সব হোস্টেলই ভাড়া করা ভবনে গড়ে তোলা হয়েছে।শাহীন ছাত্রীনিবাসের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, প্রায় আট থেকে ১০ বছর আগে শাহীন ছাত্রীনিবাস প্রতিষ্ঠা লাভ করে। একমাত্র শাহীন ছাত্রীনিবাসেই নিজস্ব ভবনে হোস্টেল গড়ে তোলা হয়েছে। তবে চট্টগ্রামে সর্বপ্রথম ছাত্রীদের আবাসন সুবিধা দিতে ছাত্রী হোস্টেল চালু করে বেগম রোকেয়া ছাত্রীনিবাস।মাতৃছায়া ছাত্রীনিবাসের ব্যবস্থাপক গোলাম মোস্তফা হোস্টেলের সিটভাড়া বাড়ানোর ব্যাপারটি স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘দিন দিন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম এত বাড়ছে যে, আমরা হোস্টেলের সিটভাড়া বাড়িয়ে দিতে বাধ্য হয়েছি। বর্তমানে এক কেজি মুরগির দাম ১৭৫ টাকা। তা ছাড়া প্রতিমাসে ভবন ভাড়া বাবদ দিতে হয় দুই লাখ টাকা। এর বাইরে গ্যাস, পানি, বিদ্যুৎ, কর্মচারীদের বেতনসহ নানা খরচ রয়েছে। ভাড়া না বাড়িয়ে উপায় কী?’