মহিলাশূন্য সংখ্যালঘু গ্রাম
মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের একটি গ্রামের সংখ্যালঘু পরিবারের সব নারী সদস্য ২২ দিন ধরে এলাকা ছাড়া। স্থানীয় সন্ত্রাসী বজল বাহিনীর সদস্যরা এক সংখ্যালঘু নারীকে ধর্ষণের পর ছুরি মেরে আহত এবং একজন স্কুলপড়ুয়া মেয়েকে অপহরণ করার পর উত্তর নলাবিলা নামের ওই গ্রাম ছেড়ে নারীরা চকরিয়া ও কক্সবাজারে আশ্রয় নিয়েছেন।জানা যায়, ৭ জানুয়ারি নলাবিলা গ্রামের বড়ুয়াপাড়ার এক গৃহবধূকে ধর্ষণ করে সন্ত্রাসীরা। একই রাতে ওই গ্রামের ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। নয় দিন আটক রাখার পর ১৬ জানুয়ারি বজল আহমদ মেয়েটিকে এলাকার কাছাকাছি একটি পাহাড়ে এক ইউপি সদস্যের জিম্মায় রেখে যান। পুলিশ দাবি করেছে মেয়েটিকে তারা উদ্ধার করেছে। সে এখন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন। তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে।পুলিশ সূত্র জানায়, অপহরণের চার দিন পর ১০ জানুয়ারি ওই ছাত্রীর বাবা রবি চাঁন—বজল আহমদ, দেলোয়ার হোসেন, নেজাম উদ্দিন ও ফরিদুল আলমকে আসামি করে মহেশখালী থানায় মামলা দায়ের করেন।জেলা পুলিশ সুপার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, ‘এখানে বিভিন্ন সন্ত্রাসী বাহিনীর অবস্থান সম্পর্কে আমরা অবগত হয়েছি। আমরা তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। বুধবার থেকে মহেশখালীর সন্ত্রাসপ্রবণ এলাকায় অতিরিক্ত ১০০ পুলিশ মোতায়েন করা হয়েছে।’ অভিযোগ রয়েছে, মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ওসমান গণি বজল বাহিনীকে নানাভাবে ইন্ধন দিচ্ছেন। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে কালারমারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে ওসমান গণি হেরে যান। নির্বাচনে বড়ুয়াপাড়ার কেন্দ্রে কম ভোট পাওয়ায় বড়ুয়াদের ওপর ক্ষিপ্ত হন তিনি। এ জন্য বজল বাহিনীর সহযোগিতায় বড়ুয়াদের ওপর নানাভাবে নির্যাতন চালানো হচ্ছে বলে কালারমারছড়া ইউনিয়নের চেয়ারম্যান মীর কাশেম চৌধুরী অভিযোগ করে। অভিযোগ অস্বীকার করে ওসমান গণি বলেন, ‘বজল বাহিনী ছাড়াও মহেশখালীতে একাধিক বাহিনী আছে। তারা পুরো মহেশখালীকে জিম্মি করে রেখেছে। তাদের কারণে আমি নিজেও নিরাপত্তাহীনতায় ভুগছি। বজল বাহিনীর লোকজনের সঙ্গে আমার পরিচয় থাকলেও ঘনিষ্ঠতা নেই।’মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিৎ বড়ুয়া জানান, সন্ত্রাসীদের ভয়ে কেউ মামলা করতে রাজি হননি। পরে অপহূত ছাত্রীর বাবাকে অনেক বুঝিয়ে রাজি করানো হয়েছে। এ মামলায় বজলের বাবা আবদুল হাকিম (৭০) আনসার মাঝি ও বাবুলকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকাবাসী জানান, ৭ জানুয়ারি রাতে বজল আহমদের নেতৃত্বে ১০ থেকে ১১ জন সন্ত্রাসী উত্তর নলবিলা বড়ুয়াপাড়ার সাফুল বড়ুয়ার বাড়িতে ঢুকে তাঁর কিশোরী মেয়েকে খোঁজাখুঁজি করে। মেয়েকে না পেয়ে তাঁরা সাফুল বড়ুয়াকে মারধর ও ছুরিকাঘাত করে। এরপর তাঁর স্ত্রীর শ্লীলতাহানি করে এবং ছুরি দিয়ে আহত করে। ওই রাতেই সন্ত্রাসীরা পাশের সাতঘর পাড়া থেকে রবি চাঁনের ষষ্ঠ শ্রেণীর মেয়েকে অপহরণ করে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক জনপ্রতিনিধি জানান, বজলকে চাঁদা না দিলে নলবিলা এলাকায় ব্যবসা করা যায় না। কারও গরু-ছাগল, হাস-মুরগি পছন্দ হলেই তাঁরা ধরে নিয়ে যায়। এমনকি জায়গা-জমি বিক্রি করতেও তাঁদের অনুমতি লাগে। কালারমারছড়া ইউনিয়নের চেয়ারম্যান মীর কাশেম চৌধুরী জানান, গত ছয় মাসে বজল বাহিনীর অত্যাচারে অন্তত ১০টি পরিবার এলাকা ছেড়েছে। এ সময়ে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ হয়েছে অন্তত সাত-আটবার। তিনি চাইল্যাতলী এলাকায় পুলিশফাঁড়ি স্থাপনের দাবি জানান। জানা যায়, মামলা দায়ের ও তাঁর বাবাকে গ্রেপ্তারের পর বজল আহমদ পুলিশকে সমঝোতার প্রস্তাব দেন। তিনি ইতিমধ্যে মেয়েটিকে তার বাসায় পৌঁছে দিয়েছেন। অনুসন্ধানে জানা গেছে, গত বিএনপি সরকারের মাঝামাঝি সময়ে এলাকায় বজল বাহিনীর অত্যাচার-নির্যাতন শুরু হয়। পুলিশের হাতে ধরা পড়ে বিভিন্ন সময় প্রায় পাঁচ বছর জেলে ছিলেন তিনি। গত রমজান মাসে জেল থেকে ছাড়া পেয়ে এলাকায় আবারও অত্যাচার-নির্যাতন শুরু করেন। তাঁর বাহিনীর সদস্য প্রায় ১২ জন এবং তাঁদের কাছে দেশি-বিদেশি ভারী অস্ত্রও রয়েছে বলে পুলিশ জানিয়েছে।