ফেনীর সোনাগাজী থেকে গত বুধবার দুপুরে জলদস্যুরা ২০টি মহিষ লুট করে নিয়ে গেছে। মহিষগুলোর আনুমানিক মূল্য ১২ লাখ টাকা।পুলিশ ও মালিকেরা জানায়, বুধবার দুপুরে সোনাগাজী উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের সমুদ্র উপকূলীয় চর আবদুল্লাহর গো-চারণ মাঠে জলদস্যুরা হামলা করে। তারা রাখালদের অস্ত্রের মুখে জিম্মি করে মাঠ থেকে মহিষগুলোকে ধাওয়া করে ট্রলারে ওঠায়। খবর পেয়ে সোনাগাজী থানা পুলিশের একটি দল দ্রুত চর আবদুল্লাহ পৌঁঁছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে জলদস্যুরা ২০টি মহিষসহ দ্রুত ট্রলার নিয়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর বালুয়ার দিকে চলে যায়। পুলিশ তাদের কিছুদূর ধাওয়া করেও কাউকে আটক করতে পারেনি।মহিষের মালিক সামছুদ্দিন ও রুহুল আমিন জানায়, তাঁদের ২০টি মহিষ জলদস্যুরা লুট করে নিয়ে গেছে। সেগুলোর আনুমানিক মূল্য ১২ লাখ টাকা বলে তাঁরা দাবি করেন।সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন চর আবদুল্লাহ থেকে মহিষ লুটের সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।