মহিষে চড়িয়া মর্দ...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধুলো উড়িয়ে ছুটেছে সওয়ারি। খুরের শব্দ শোনা যাচ্ছে...টগবগ টগবগ। চারদিক লোকে লোকারণ্য। ভাবছেন, নিশ্চয়ই রেসের ঘোড়ার কথা বলছি। উহুঁ। বলছি ধুলো উড়িয়ে ছুটে চলা মহিষদের কথা! ধুলো উড়িয়ে সওয়ারি ছোটার কথা বললেই ঘোড়ার কথা ভাবি আমরা। কিন্তু ছবিতে দেখুন। গাধা নয়, ঘোড়া নয়।ধুলো উড়িয়ে ছুটেছে মহিষের দল। আর তারই পিঠে সওয়ারি হয়ে আছে একদল প্রাক্তন শ্যাম দেশীয় তরুণ। মহিষগুলোও দেখুন। গতিতে, ক্ষিপ্রতায় ঘোড়ার চেয়ে কম যায় না কোনো অংশেই। আমাদের চেনা মহিষকুলের চেয়ে একেবারেই ভিন্ন। ছবির সঙ্গে জুড়ে দেওয়া ক্যাপশন বলছে, এই ছবি থাইল্যান্ডের পূর্বাঞ্চলীয় প্রদেশ কুনবুরির। আমাদের বাংলাদেশের মতোই সেখানে প্রচুর ধান চাষ হয়। আর সেই ধান ঘরে তোলার আনন্দেই তারা আয়োজন করেছে এই বিচিত্র মহিষ দৌড়। (সূত্র: প্রথম আলো. পৃষ্ঠা ৯, ৩০ অক্টোবর, ২০১২) বার্তা সংস্থা এএফপির সরবরাহ করা এই মহিষ দৌড়ের ছবি সত্যিই অবাক করার মতো। শুধুই আকাশচুম্বী ভবন কিংবা চাকচিক্য নয়, বাইরের দুনিয়ার মানুষকে যে বিষয়টি বেশি আকর্ষণ করে, সেটি প্রতিটি দেশের নিজস্ব সংস্কৃতি। একটা সময় আমাদের দেশেও ঘোড়দৌড়, মোরগ লড়াই, ষাঁড়ের লড়াই ইত্যাদি ব্যাপক জনপ্রিয় ছিল বলে শোনা যায়। এখন চোখে পড়ে না বললেই চলে। থাইল্যান্ডের মহিষ দৌড়ের ছবি মনে বিস্ময় জাগাল। সঙ্গে আমাদের প্রায় হারিয়ে যেতে বসা ক্রীড়া-বিনোদনের কথাও আরেকবার মনে করিয়ে দিল।—ইকবাল হোসাইন চৌধুরী