মহিষের শিং থেকে অলংকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসময় হাতির দাঁত থেকে অলংকার তৈরি করতেন তাঁরা। কিন্তু হাতির দাঁত দুর্লভ হয়ে পড়ায় এখন আর এ ধরনের দামি অলংকার তৈরি করেন না। তবে অলংকার তৈরির কাজ তাঁরা ছাড়েননি। হাতির দাঁতের বদলে এখন অলংকার তৈরি করেন মহিষের শিং থেকে। কোনো রকম প্রাতিষ্ঠানিক শিক্ষা বা প্রশিক্ষণও নেই তাঁদের। নিজেদের সৃজনশীলতা দিয়েই তৈরি করেন অপরূপ গয়না। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার পাবলাখালী এলাকার ইন্দ্রমনি আদামের (গ্রাম) দুই গয়নার কারিগর শত প্রতিকূলতার মধ্যেও এই ঐতিহ্যবাহী পেশা ধরে রেখেছেন। ইন্দ্রমনি আদামের গয়নাশিল্পীদের সঙ্গে কথা বলে জানা যায়, মহিষের শিং থেকে তৈরি এক জোড়া চুড়ি এক হাজার থেকে এক হাজার ২০০ টাকায় বিক্রি হয়। শিং থেকে তৈরি করা চুড়ি বা কানের দুল দেখতে তেমন ভালো নয়। কিন্তু এই গয়নাকে সোনা বা রুপার পাতলা আবরণ দিয়ে যখন মোড়ানো হয়, তখনই আসল সৌন্দর্য ফুটে ওঠে। সৌন্দর্যপ্রিয় আদিবাসী নারীদের এ গয়না খুবই প্রিয়।দীঘিনালা উপজেলার ইন্দ্রমনি আদামের বাসিন্দা আনন্দ চাকমা (৬৮) ৪০ বছর ধরে মহিষের শিং থেকে গয়না তৈরি করছেন। তবে তিনি এ কাজটি এখনো একমাত্র পেশা হিসেবে নিতে পারেননি। চাষাবাদের পাশাপাশি অবসর সময় গয়না তৈরি করেন। এ কাজটি পেশা হিসেবে নিতে না পারার কারণ হিসেবে তিনি বলেন, পাহাড়ে বর্তমানে মহিষের শিং দুষ্প্রাপ্য। ঠিকমতো শিং না পাওয়ায় উৎপাদনও কম হয়। তা ছাড়া, সব মহিষের শিং দিয়ে গয়না বানানোও সম্ভব নয়। একমাত্র ভালো শিং দিয়ে বানানো সম্ভব। আনন্দ চাকমা চুড়ি, কানের দুল ও গলার হার তৈরি করেন।একই গ্রামের সুমন্ত চাকমাও (৫০) গয়না তৈরি করেন। তাঁর গয়না তৈরির অভিজ্ঞতা ২৫-৩০ বছর হবে। তিনি জানান, পাহাড়ে মহিষের শিং পাওয়া যায় না। তিনি নোয়াখালী ও কুমিল্লা থেকে মহিষের শিং কিনে এনে গয়না তৈরি করছেন। তিনি বলেন, ‘ভালো মহিষের শিং পাওয়া গেলে দৈনিক দুই থেকে তিন জোড়া চুড়ি বানানো সম্ভব।’ মহিষের শিং থেকে গয়না বানানো বেশ জটিল ও পরিশ্রমসাধ্য। এ ধরনের গয়না তৈরির জন্য কোনো যন্ত্রপাতি পাওয়া যায় না। নিজেদের মতো করে যন্ত্রপাতি তৈরি করে নেন তাঁরা। এই দুই শিল্পী তাঁদের পাকা হাতের জাদুতে গয়না তৈরি করে পৌঁছে দেন দেশের নানা প্রান্তে।