মহেশ খালে বাঁধ: কার লাভ কার ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্দর রিপাবলিক ক্লাবের পাশে মহেশ খালের ওপর নির্মিত হচ্ছে অস্থায়ী বাঁধ। ছবিটি ১১ সেপ্টেম্বর তোলা l জুয়েল শীল
বন্দর রিপাবলিক ক্লাবের পাশে মহেশ খালের ওপর নির্মিত হচ্ছে অস্থায়ী বাঁধ। ছবিটি ১১ সেপ্টেম্বর তোলা l জুয়েল শীল

জোয়ারজনিত জলাবদ্ধতায় এক যুগ ধরে দুর্ভোগ পোহাচ্ছে আগ্রাবাদ-হালিশহরের বাসিন্দারা। অবশেষে তাদের জলাবদ্ধতা থেকে মুক্তি দিতে মহেশ খালের ওপর অস্থায়ী বাঁধ নির্মাণকাজ শুরু করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। তবে উত্তর ও দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ডের একাংশের বাসিন্দাদের দাবি, বাঁধ নির্মিত হলে এই দুই ওয়ার্ডের বেশ কিছু এলাকা তলিয়ে যাবে। এ জন্য স্থায়ীভাবে জলকপাট (স্লুইসগেট) নির্মাণ করতে হবে।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ, চট্টগ্রামের সাবেক সভাপতি ও নগর পরিকল্পনাবিদ দেলোয়ার মজুমদার প্রথম আলোকে বলেন, জলকপাটের নির্মাণকাজ শুরুর আগে খালের ওপর সাময়িকভাবে বাঁধ নির্মাণ করা যেতে পারে। তবে খালে যাতে বৃষ্টির পানি জমে না যায়, সে জন্য পর্যাপ্ত পরিমাণ পাম্প রাখতে হবে। পাশাপাশি মানুষের দুর্ভোগ যােত কম হয়, সে ব্যাপারে সচেতন থাকতে হবে।
বৃহত্তর আগ্রাবাদ-হালিশহর জলাবদ্ধতা নিরসন কমিটির ব্যানারে বাঁধ নির্মাণের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন এখানকার মানুষ। এরপর বন্দর সাময়িক বাঁধ নির্মাণের সিদ্ধান্ত নেয়। মহেশ খালের ওপর সাময়িক বাঁধের নকশা করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ব্যুরো অব রিসার্চ টেস্টিং অ্যান্ড কনসালটেন্সি (বিআরটিসি)। বন্দর রিপাবলিক ক্লাবের পাশে মহেশ খালে এ অস্থায়ী বাঁধ নির্মাণ করা হচ্ছে। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ২ সেপ্টেম্বর এই বাঁধের ভিত্তিফলক উন্মোচন করেন।
১১ সেপ্টেম্বর সকালে সরেজমিনে দেখা যায়, মহেশ খালের মাঝখানে অস্থায়ী বাঁধ নির্মাণের কাজ চলছে। চার-পাঁচজন শ্রমিক খালের মধ্যে
খুঁটি স্থাপনের কাজ করছেন। ইঞ্জিনচালিত দুটি নৌকার ওপর বসে তাঁরা এ কাজ করছেন। ইতিমধ্যে খুঁটি বসানোর কাজ প্রায় শেষ পর্যায়ে। বাঁধ নির্মাণের কাজে নিয়োজিত শ্রমিক মোহাম্মদ মহিউদ্দিন জানান, প্রায় ৩০ জন শ্রমিক খুঁটি বসানোর কাজ করে যাচ্ছেন।
চট্টগ্রাম বন্দর সূত্র জানায়, মহেশ খাল কর্ণফুলী নদীর সঙ্গে যুক্ত। এই খাল দিয়ে জোয়ারের পানি শহর এলাকায় ঢোকে। বর্ষা মৌসুমে জোয়ারের সঙ্গে বৃষ্টির পানি যুক্ত হয়ে নগরের বিভিন্ন এলাকা প্লাবিত হয়। এ ছাড়া পূর্ণিমা ও অমাবস্যায়ও জোয়ারের পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। মহেশ খালের ওপর বাঁধ নির্মিত হলে জোয়ারের পানি শহরে ঢুকবে না। এ ছাড়া বৃষ্টির পানিসহ খালের ধারণক্ষমতার অতিরিক্ত পানি পাম্পের মাধ্যমে নিয়ন্ত্রণ করলে আপাতত শহর এলাকায় পানি ওঠা বন্ধ হতে পারে। আর ছয় মাসের মধ্যে খালে জলকপাট নির্মাণ করবে বন্দর। তখন এই বাঁধ ও পাম্পগুলো কাজে লাগবে।
মহেশ খালে সাময়িক বাঁধ নির্মাণের প্রকল্প পরিচালক বন্দরের নির্বাহী প্রকৌশলী রাফিউল আলম প্রথম আলোকে বলেন, মহেশ খালের আশপাশের বাসিন্দাদের জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তি দিতে সাময়িকভাবে বাঁধ নির্মাণ করা হচ্ছে। বাঁধ নির্মাণের অর্থ বন্দরের নিজস্ব তহবিল থেকে ব্যয় করা হবে।
বাঁধ নির্মাণ হওয়ার খবরে আগ্রাবাদ ও হালিশহরের বড় অংশের বাসিন্দারা খুশি। নিমতলা এলাকার বাসিন্দা মোহাম্মদ মহসিন বলেন, এতে আগ্রাবাদ, হালিশহর ও নিমতলার মানুষের দীর্ঘদিনের সমস্যা দূর হবে।
তবে নতুনভাবে আতঙ্কিত হয়ে পড়েছেন ৩৭ নম্বর উত্তর মধ্যম হালিশহর ও ৩৮ নম্বর দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ডের একাংশের বাসিন্দারা। তাঁদের দাবি, বঁাধ নির্মিত হলে এই দুই ওয়ার্ডের মুন্সিপাড়া, সল্টগোলা, মরিয়মনগর, আদর্শপাড়া, ঈশানমিস্ত্রি হাট ও ইছাক সওদাগরের পাড়ায় জলাবদ্ধতা সৃষ্টি হবে। সল্টগোলার ঈশান মিস্ত্রির হাটের ব্যবসায়ী শান্ত বড়ুয়া বলেন, ‘এমনিতেই অমাবস্যা ও পূর্ণিমার সময় জোয়ারের পানিতে এলাকার রাস্তাঘাট ও নিচতলার বাসাবাড়ি তলিয়ে যায়; এর মধ্যে মহেশ খালে বাঁধ দিলে পানিপ্রবাহ বাধাগ্রস্ত হয়ে আমাদের কষ্ট আরও বাড়বে।’
‘সচেতন নাগরিক সমাজ’ নামের একটি সংগঠনের ব্যানারে সাময়িক বাঁধ নির্মাণ বন্ধের দাবিতে ৯ সেপ্টেম্বর বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদের কাছে স্মারকলিপি দিয়েছেন ৩৭ ও ৩৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। তাঁদের দাবি, খালের মধ্যে নয়, বরং খালের প্রবেশমুখে জলকপাট নির্মাণ করতে হবে।
সংগঠনের আহ্বায়ক মুসা আল নুরী প্রথম আলোকে বলেন, ‘আমরা আশঙ্কা করছি, মহেশ খালের ওপর অস্থায়ী বাঁধ দিলেও ৩৭ ও ৩৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা তলিয়ে যাবে। তবে স্থানীয় সাংসদ ও বন্দর চেয়ারম্যান আমাদের আশ্বস্ত করেছেন, এই অস্থায়ী বাঁধের কারণে এলাকাবাসী ক্ষতিগ্রস্ত হবে না।’
এ প্রসঙ্গে বাঁধের নকশা প্রণয়নের সঙ্গে যুক্ত চুয়েটের পুরকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক মো. রিয়াজ আকতার মল্লিক বলছেন, ‘সাময়িক বাঁধের কারণে বড় কোনো সমস্যা তৈরি হবে না। সমস্যা যাতে না হয়, সেভাবেই বাঁধের নকশা করা হয়েছে। বাঁধ নির্মাণের কাজটি আমরা নিজেরাই তদারকি করছি।’
অস্থায়ী বাঁধে সাময়িক স্বস্তির আশা থাকলেও আগ্রাবাদ-হালিশহরের বাসিন্দারাও চান স্থায়ী সমাধান। বৃহত্তর আগ্রাবাদ-হালিশহর জলাবদ্ধতা নিরসন কমিটির যুগ্ম মহাসচিব খায়রুল আলম প্রথম আলোকে বলেন, ১২-১৩ বছর ধরে এই সমস্যায় ভুগছে লোকজন। অস্থায়ী বাঁধ দেওয়ার ফলে আগ্রাবাদ, হালিশহর ও নিমতলার আট লাখ মানুষ সাময়িকভাবে স্বস্তিতে থাকবে। তবে এটি কোনো স্থায়ী সমাধান নয়। এ জন্য অবশ্যই জলকপাট নির্মাণ করতে হবে।