মহেশ খালের জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরবাসীর ‘দ্বিতীয় দুঃখ’ হিসেবে খ্যাত মহেশ খালের জলাবদ্ধতা নিরসনে অবশেষে পদক্ষেপ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন। খালের দুই পাড়ে গড়ে ওঠা অবৈধ বসত ও দোকানঘর উচ্ছেদ করা হয়েছে। খাল খনন করে উদ্ধার করা জায়গায় প্রতিরোধ দেয়াল ও রাস্তা নির্মাণ করা হবে। খালটি খনন হলে নগরের লক্ষাধিক মানুষ জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
গত ২১ নভেম্বর চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এতে নেতৃত্ব দেন করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন। ওই দিন বেলা সাড়ে ১১টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলা অভিযানে পাঁচ শতাধিক কাঁচা বসতঘর, সেমিপাকা ও পাকা ভবন উচ্ছেদ করা হয়। সাম্প্রতিক সময় এটিই করপোরেশনের বড় অভিযান।
করপোরেশনের প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, মহেশ খালের জলাবদ্ধতা নিরসনে কমপ্রিহেনসিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রজেক্ট (সিডিএমপি) নেওয়া হয়। কিন্তু প্রায় ১১ কিলোমিটার দৈর্ঘ্যের এ খালের বিশাল এলাকা অবৈধ দখলে চলে যাওয়ায় এ প্রকল্প চালু করা সম্ভব হয়নি। দখলমুক্ত হওয়ায় দ্রুত সময়ের মধ্যে তা বাস্তবায়ন করা হবে।
জানা গেছে, মহেশ খাল নগরের আগ্রাবাদ, হালিশহরের বিশাল এলাকাজুড়ে বহমান। এর দুই পাশে জনবসতি থাকলেও রাস্তা রয়েছে এক পাশে। তাই অন্য পাশেও রাস্তা নির্মাণ করা হবে। তবে প্রাথমিকভাবে প্রতিরোধ দেয়াল নির্মাণ ও খনন প্রক্রিয়া চলবে।
করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, আবেদীন পাড়া থেকে হালিশহরের পুলিশ লাইন পর্যন্ত খালের তিন কিলোমিটার এলাকায় প্রতিরোধ দেয়াল নির্মাণ ও নিয়মিত খাল খনন করা হবে। এ জন্য প্রকল্প ব্যয় ধরা হয়েছে ১৬ কোটি ৬৫ লাখ টাকা।
রফিকুল ইসলাম জানান, প্রকল্প ব্যয়ের ৭০ শতাংশ অর্থ দেবে দুর্যোগ মন্ত্রণালয়। বাকি অর্থ করপোরেশনের নিজস্ব তহবিল থেকে ব্যয় করা হবে। প্রকল্পের কাজ নয়টি ভাগে করে নয়টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়েছে। আগামী বছরের জুনের মধ্যে এই কাজ শেষ হবে। পরে সেখানে একটি রাস্তা নির্মাণ করার পরিকল্পনা রয়েছে করপোরেশনের।
উল্লেখ্য, নগরের গুরুত্বপূর্ণ এ খালের দখল নিয়ে গত ১৭ আগস্ট প্রথম আলোর শেষ পৃষ্ঠায় ‘৭০ ফুট প্রস্থের মহেশ খাল এখন ৭ ফুট’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। দখল-দূষণে সংকুচিত হয়ে যায় কর্ণফুলীর এ সংযোগ খাল। জোয়ারের পানিতে নিয়মিত জলাবদ্ধতা সৃষ্টি হয় চট্টগ্রাম নগরের আগ্রাবাদ, হালিশহর, গোসাইলডাঙা এলাকা। ফলে ওইসব এলাকার প্রায় লক্ষাধিক মানুষকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হয়।