বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির সভা
মহেশখাল অবৈধ দখলমুক্ত করে পরিকল্পিতভাবে খননের দাবি
নগরের মহেশখালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ অপরিকল্পিত স্লুইসগেট নির্মাণ করায় নগরের আগ্রাবাদ-হালিশহরের বিস্তীর্ণ এলাকা জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে। ফলে সেখানকার বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বক্তারা এলাকার পানিবন্দী মানুষকে মুক্তি দিতে মহেশখালকে অবৈধ দখলমুক্ত করে পরিকল্পিতভাবে খননের দাবি জানান।
১৩ জুলাই দৈনিক পূর্বকোণ-এর সম্মেলন কক্ষে আয়োজিত বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির সভায় বক্তারা এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান তসলিম উদ্দীন চৌধুরী। বক্তব্য দেন এম মুজিবুল হক, মোহাম্মদ উল্লাহ, ইব্রাহীম বানু, নুরুল ইসলাম ছিদ্দিকী, মীর ফজলে আকবর, মোহাম্মদ ইব্রাহীম, মোহাম্মদ নুরুল আলম, ফয়েজুর রহমান চৌধুরী, কাজী গোলাপ রহমান, এস এম সিরাজ উদ্দৌলা, হায়দার হোসেন, আবদুর রহমান, মোহাম্মদ গোফরান, মোহাম্মদ হাসান সিকদার প্রমুখ।
বক্তারা আরও বলেন, চট্টগ্রাম মহানগরের জলাবদ্ধতা নিরসনে কার্যকর ও পরিকল্পিত কোনো উদ্যোগ গ্রহণ না করার ফলে সামান্য বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়। কর্ণফুলী নদী পরিকল্পিতভাবে খনন না হওয়া এবং খাল ও উপখাল অবৈধ দখলকারীদের কবল থেকে মুক্ত করতে কার্যকর উদ্যোগ না নেওয়ায় জলাবদ্ধতার হাত থেকে মুক্তি মিলছে না। বিজ্ঞপ্তি।