মহেশখালী আইল্যান্ড হাইস্কুলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী আইল্যান্ড হাইস্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২৩ মার্চ স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-২ আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী, মহেশখালী কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিন, আলমগীর ফরিদ টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আজিজুল করিম। সাংসদ বলেন, মহেশখালী একটি সমৃদ্ধ অর্থনৈতিক অঞ্চল ও গভীর সমুদ্রবন্দর হিসেবে শিগগির আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এই পরিবর্তিত পরিস্থিতি মোকাবিলায় তরুণদের শিক্ষা ও দক্ষতা অর্জন করতে হবে।
আরও বক্তব্য দেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলুল করিম, মহেশখালী আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহ আলম, মহেশখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হেলাল উদ্দিন, জাগিরাঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এখলাছুর রহমান, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ওয়াজেদ আলী মুরাদ প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।