কক্সবাজারের মহেশখালী উপজেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কার্যক্রম কক্সবাজার সদরে স্থানান্তর করার নির্দেশ দেওয়া হয়েছে। গণপূর্ত বিভাগ আদালত ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করার পরিপ্রেক্ষিতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের পরামর্শে কক্সবাজার জেলা জজ মোহাম্মদ মোক্তার আহমদ এই নির্দেশ দেন।
এদিকে মহেশখালী আদালতের কার্যক্রম কক্সবাজারে স্থানান্তর করা হলে বিচারসংশ্লিষ্ট সবার দুর্ভোগ বেড়ে যাওয়ার আশঙ্কায় স্থানান্তরের আদেশ স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট আবেদন করেছেন স্থানীয় আইনজীবী আবু তালেব। ১ আগস্ট দায়ের করা রিট আবেদনটি উচ্চ আদালতের অবকাশকালীন ছুটির পর শুনানি হবে বলে জানিয়েছেন তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৮৪ সালে স্থাপিত মহেশখালী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনটি ১৯৯১ সালের ২৯ এপ্রিলের ঘূর্ণিঝড়ের সময় ক্ষতিগ্রস্ত হয়। ১৯৯৯ সালের ২২ জুলাই ভূমিকম্পে ভবনের বিভিন্ন স্থানে বড় বড় ফাটল দেখা দেয়। এরপর ভবনটি একাধিকবার সংস্কার করা হলেও তা কাজে আসেনি। সামান্য বৃষ্টি হলে ভবনের ছাদ চুইয়ে বিভিন্ন কক্ষে পানি পড়ে। এতে জরুরি কাগজপত্র নষ্ট হয়। বিচারকসহ কর্মকর্তাদের কাজ করতে হয় ঝুঁকি নিয়ে। এ অবস্থায় কক্সবাজার গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী গত এপ্রিল মাসে ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে কক্সবাজার জেলা ও দায়রা জজকে চিঠি দেন। জেলা ও দায়রা জজ বিষয়টি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়কে জানালে মন্ত্রণালয় মহেশখালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কার্যক্রম কক্সবাজার সদরে স্থানান্তর করার পরামর্শ দেয়। মহেশখালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কার্য সহকারী ওসমান গণি প্রথম আলোকে বলেন, ‘আদালতের কার্যক্রম কক্সবাজার সদরে স্থানান্তর করার বিষয়ে গত ৩১ জুলাই একটি চিঠি পেয়েছি। এদিকে আদালতের কার্যক্রম কক্সবাজারে স্থানান্তর না করে মহেশখালীতে বিকল্প তিনটি সরকারি ভবনে স্থানান্তরের দাবি জানিয়েছেন আইনজীবীসহ বিচারপ্রার্থীরা। অন্যদিকে এ ব্যাপারে একজন আইনজীবী উচ্চ আদালতে রিট আবেদন দায়ের করেছেন। এ অবস্থায় বিষয়টি নিয়ে সুনির্দিষ্টভাবে কিছু বলা যাচ্ছে না।’
আদালতের কার্যক্রম স্থানান্তরের আদেশের ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়ে মহেশখালীর আইনজীবী নুরুল আলম বলেন, ‘একজন বিচারপ্রার্থী কিংবা আসামি মাত্র ২০০ টাকা খরচ করে মহেশখালী আদালতে এসে মামলায় হাজিরা দিচ্ছেন। কিন্তু এর কার্যক্রম কক্সবাজার সদরে নিয়ে যাওয়া হলে যাতায়াত ও আনুষঙ্গিক খাতে একেকজন বিচারপ্রার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তির খরচ পড়বে হাজার টাকার বেশি। সময়ের অপচয়ও হবে প্রচুর। তাই সবার স্বার্থে আদালতের কার্যক্রম মহেশখালীর তিনটি বিকল্প ভবনে রাখার প্রস্তাব করেছি। ভবনগুলো হলো উপজেলা মিলনায়তন (টিটিসি হল), পল্লী উন্নয়ন বোর্ড কার্যালয়ের সম্মেলনকক্ষ ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়।’
আবু তালেব বলেন, ‘আদালতের কার্যক্রম কক্সবাজার সদরে স্থানান্তর করা হলে আদালত ও মামলাসংশ্লিষ্ট সবার ভোগান্তি বহুগুণ বেড়ে যাবে। তাই স্থানান্তরের আদেশ স্থগিত করার জন্য উচ্চ আদালতে রিট আবেদন দায়ের করেছি।’