মহেশখালী আদিনাথ জেটিতে ফাটল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদিনাথ জেটির ফাটল ধরা একটি পিলার l প্রথম আলো
আদিনাথ জেটির ফাটল ধরা একটি পিলার l প্রথম আলো

কক্সবাজারের মহেশখালী উপজেলার আদিনাথ মন্দিরের জেটির ৬৮টি পিলারে ফাটল ধরেছে। এ ছাড়া ফাটল ধরেছে জেটির দুই পাশের রেলিং ও পাটাতনেও। জরুরি ভিত্তিতে জেটি সংস্কার না করলে যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।
১৪ আগস্ট স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের দুই সদস্যের একটি প্রতিনিধিদল আদিনাথ মন্দিরের জেটি পরিদর্শন করেছেন। তাঁরা জানান, দেশি-বিদেশি পর্যটক ও পুণ্যার্থীদের সুবিধার্থে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ২০০৫ সালে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে উপজেলার আদিনাথ মন্দিরের কাছে ৭০০ মিটার লম্বা একটি জেটি নির্মাণ করে। বর্তমানে সাগরের লোনা পানি ও ঢেউয়ের আঘাতে এই জেটির ২৩৮টি পিলারের মধ্যে ৬৮টিতে ফাটল ধরেছে। দুই পাশের রেলিং ও পাটাতনের বিভিন্ন স্থানেও দেখা দিয়েছে বড় বড় ফাটল।
১৫ আগস্ট সরেজমিনে গিয়ে এই তথ্যের সত্যতা মিলেছে। জেটি দিয়ে যাতায়াত করা লোকজন জানান, মাঝারি ঝাড় ও জলোচ্ছ্বাস হলে জেটিটি ভেঙে পড়তে পারে বলে তারা আশঙ্কা করছেন।
আদিনাথ মন্দির ব্যবস্থাপক সুনীল চক্রবর্তী বলেন, জেটিতে ফাটল ধরার বিষয়টি স্থানীয় প্রকৌশল অধিদপ্তর জানে। তাঁরা সংস্কারের জন্য ইতিমধ্যে জেটিস্থল পরিদর্শনও করেছেন।
গোরকঘাটা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ দাশ বলেন, একসময় আদিনাথ মন্দিরে যেতে পর্যটকদের পাশাপাশি পুণ্যার্থীরা ভোগান্তির শিকার হতো। তাদের ভোগান্তির অবসান ঘটাতে এই জেটি নির্মাণ করা হয়। কিন্তু এরপর জেটির রক্ষণাবেক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আর কোনো উদ্যোগ নেননি।
জানতে চাইলে মহেশখালী উপজেলা প্রকৌশলী রিয়াদুল কুদ্দুস বলেন, লোনা পানির পাশাপাশি জোয়ার-ভাটার কবলে পড়ে জেটির ২৩৮টি পিলারের মধ্যে প্রায় ৭০টি পিলারের ফাটল ধরেছে। এ ছাড়া নির্মাণ করার পর ওই জেটিতে কোনো সংস্কারকাজ করা হয়নি। এ কারণে জরুরি ভিত্তিতে জেটি সংস্কারের জন্য ইতিমধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে একটি প্রতিনিধিদল এলাকা ঘুরে গেছেন। অচিরেই জেটির সংস্কারকাজ শুরু হবে।