মহেশখালী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রটিই রুগ্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোকবল ও প্রয়োজনীয় চিকিৎসা-সরঞ্জামের অভাবে কক্সবাজারের মহেশখালী উপজেলা হাসপাতালের বেহাল দশা। হাসপাতালে ২৮ জন চিকিৎসকের মধ্যে মাত্র পাঁচজন কর্মরত আছেন। চার বছর আগে হাসপাতালটিকে ৫০ শয্যায় উন্নীত করা হলেও সে অনুপাতে চিকিৎসাসেবা পাচ্ছেন না রোগীরা। জানা গেছে, ২০০৬ সালের ১ জুন হাসপাতালটির শয্যাসংখ্যা ৩১ থেকে ৫০-এ উন্নীত করা হলেও বাড়েনি লোকবল ও চিকিৎসা-সরঞ্জাম। এ কারণে স্থানীয় লোকজন হাসপাতালে গিয়েও চিকিৎসাসেবা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন গত বৃহস্পতিবার দুপুরে প্রথম আলোকে বলেন, ‘হাসপাতালটি কাগজ-কলমে ৫০ শয্যার হলেও চিকিৎসাসেবা এই মানের নয়।’সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ৫০ শয্যায় উন্নীত করার পর গত ২০০৭ সালে এই হাসপাতালের জন্য একটি নতুন ভবন নির্মাণ করা হয়। তবে চিকিৎসক, সেবিকাসহ কর্মচারী নিয়োগ দেওয়া হয়নি। এ ছাড়া হাসপাতাল প্রতিষ্ঠার ২৯ বছর পর ২০১০ সালের ডিসেম্বর মাসে একজন গাইনি চিকিৎসক নিয়োগ দেওয়া হলেও দুই মাস পর তাঁকে অন্যত্র বদলি করা হয়। এ কারণে হাসপাতালে প্রসূতিসেবা বন্ধ রয়েছে। গত বৃহস্পতিবার সকালে হাসপাতালে দেখা গেছে, বহির্বিভাগে শত শত রোগীর দীর্ঘ লাইন। একটি টিকিট পাওয়ার আশায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন রোগীরা। অন্তর্বিভাগে ভর্তি হওয়া বহু রোগীর স্থান হয়েছে মেঝেতে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা হোয়ানক ইউনিয়নের পানিরছড়া এলাকার বাসিন্দা আবদুল কাদের, মনির আহমদ ও আলমগীর হোসেন বলেন, পর্যাপ্ত চিকিৎসক না থাকায় এই হাসপাতালটি নিজেই রোগাক্রান্ত হয়ে পড়েছে। হাসপাতালে এক্স-রে যন্ত্র বসানো হলেও তা রোগীদের কাজে আসছে না। প্রসূতিসেবা ও অস্ত্রোপচার কক্ষ নেই। এখানে শুধু চিকিৎসা হয় সর্দি-কাশি ও জ্বরের। জটিল রোগে আক্রান্ত রোগী এলে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়ে দেয়। বড় মহেশখালী ইউনিয়নের জাগিরা ঘোনার বাসিন্দা মরিয়ম বেগম জানান, এই হাসপাতালে প্রসূতিসেবা নেই। এ কারণে হাসপাতালে প্রসূতি রোগীরা সেবা নিতে এলে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়ে দেয়। তিনি হাসপাতালে একজন গাইনি বিশেষজ্ঞ ও পর্যাপ্ত সেবিকা নিয়োগ দেওয়ার দাবি জানান। হাসপাতালের আবাসিক চিকিৎসক মাহফুজুল হক প্রথম আলোকে বলেন, প্রায় চার লাখ মানুষের জন্য উপজেলা হাসপাতালে ২৮ জনের স্থলে আছেন মাত্র পাঁচজন চিকিৎসক।সেবিকা রয়েছেন দুজন। ফলে লোকবল-সংকটের কারণে হাসপাতাল চালাতে গিয়ে চরমভাবে হিমশিম খেতে হচ্ছে। এ প্রসঙ্গে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবদুল মাবুদ প্রথম আলোকে জানান, কাগজে-কলমে কর্মরত আছেন পাঁচজন চিকিৎসক। তবে তাঁদের মধ্যে সবাই নিয়মিত হাসপাতালে আসেন না। হাসপাতালে নিয়মিত উপস্থিত না হওয়ার কারণে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, এমনিতেই হাসপাতালে চিকিৎসক নেই, এর মধ্যে অনুুপস্থিতি নিয়ে লেখালেখি করলে তাঁরাও বদলি হয়ে চলে যাবেন। এ কারণে আপাতত কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।