মহেশখালী ও টেকনাফে নিম্নাঞ্চল প্লাবিত
চার দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের টেকনাফ ও মহেশখালীর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। তলিয়ে গেছে বসতবাড়ি, ফসলি জমি, চিংড়িঘের ও রাস্তাঘাট। এই দুই উপজেলার বন্যা-পরিস্থিতি নিয়ে প্রতিবেদন তৈরি করেছেন মহেশখালী ও টেকনাফ প্রতিনিধিমহেশখালী: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে কয়েক দিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কক্সবাজারের মহেশখালী উপজেলার ৪০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পৌরসভাসহ চারটি ইউনিয়নের অন্তত পাঁচ শতাধিক বসতবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি ও চিংড়িঘের তলিয়ে গেছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগব্যবস্থা। উপজেলার পৌরসভা, মাতারবাড়ি, ধলঘাট, ছোট মহেশখালী, বড়মহেশখালী, কালারমারছড়া ও হোয়ানক ইউনিয়নের অন্তত ৩৫ গ্রামের প্রায় ৪০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন।ধলঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘ভারী বর্ষণ ও অরক্ষিত বাঁধ দিয়ে সাগরের জোয়ারের পানি লোকালয়ে ঢুকছে। টানা বর্ষণ ও জোয়ার-ভাটার প্রভাবে উপজেলার বিশাল এলাকা প্লাবিত হয়েছে।’ মাতারবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক চৌধুরী বলেন, ‘রাঙ্গাখালির স্লুইস গেট নষ্ট হওয়ার কারণে বৃষ্টির পানি সরতে পারছে না। এ কারণে এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা দেখা দিয়েছে।’এদিকে, পাহাড়ি ঢলে উপজেলার বিভিন্ন সড়কে ভাঙন দেখা দিয়েছে। এ কারণে গত শুক্রবার সকাল থেকে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। সড়ক যোগাযোগ বন্ধ থাকার কথা স্বীকার করে উপসহকারী প্রকৌশলী নুর মোহাম্মদ জানান, সড়ক সংস্কার করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বরাদ্দ চাওয়া হয়েছে। পৌরসভার মেয়র মকছুদ মিয়া জানান, টানা ভারী বৃষ্টি ও জোয়ারের পানিতে পৌরসভার দুই শতাধিক বসতবাড়ি তলিয়ে গেছে।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বিশ্বনাথ মজুমদার বলেন, ‘ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বেশ কয়েকটি চিংড়িঘেরের প্রায় দুই কোটি টাকার চিংড়ি ভেসে গেছে।’টেকনাফ: চার দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের টেকনাফে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ৭০ হাজার মানুষ। টেকনাফ-শাহপরীর দ্বীপ সড়কের ওপর দিয়ে পানি চলাচল করছে। হুমকির মুখে পড়েছে টেকনাফ-শামলাপুর সড়কটিও। এ ছাড়া বিধ্বস্ত হয়েছে পাঁচটি ঘরবাড়ি। সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন স্থানে রাস্তাঘাট, চিংড়িঘের, বেড়িবাঁধ, আমন ধানের বীজতলা, পানের বরজ, মৌসুমি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাহাড়ি ঢলে বাহারছড়া ও হ্নীলা এলাকার হামিদ হোসেন, মো. কামাল, ফয়েজুল ইসলাম, করিব আহমদ ও ফরিদ আহমদের বসতবাড়ি বিধ্বস্ত হয়েছে। এদিকে টানা ভারী বর্ষণ অব্যাহত থাকায় সাধারণ মানুষের কাজকর্ম স্তিমিত হয়ে পড়েছে। বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানে যাতায়াতেও বেড়েছে নানা দুর্ভোগ। স্থানীয় লোকজনের অভিযোগ, এলাকার প্রধান খালগুলো বেদখল হয়ে যাওয়ায় পানিপ্রবাহের পথ বন্ধ হয়ে পাহাড়ি ঢলে আশপাশের নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। অপরিকল্পিতভাবে সড়ক নির্মাণ করায় অধিকাংশ সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। বাহারছড়া ও হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাওলানা হাবিব উল্লাহ ও অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী বলেন, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে পুরো এলাকার অধিকাংশ ঘরবাড়ি কোমরপানিতে ডুবে গেছে। পাশাপাশি এলাকার আমন ধানের বীজতলা, রাস্তাঘাট, মৎস্য খামার ভেসে গেছে। উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী মোহাম্মদ আমিন উলাহ প্রথম আলোকে বলেন, ‘ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে পুরো উপজেলায় প্রায় ১০ কিলোমিটার সড়কের ক্ষয়ক্ষতি হয়েছে। হুমকির মুখে পড়েছে টেকনাফ-শামলাপুর সড়কটি। যেকোনো সময় এটিরও একটি অংশ পাহাড়ি ঢলে ভেঙে যেতে পারে।’ উপজেলা চেয়ারম্যান শফিক মিয়া বলেন, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে উপজেলার অধিকাংশ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ঘরবাড়ি, বীজতলা, ফসল, মৎস্য খামার কোমরপানিতে ডুবে রয়েছে। এতে প্রায় ৭০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।