মহেশখালী-কক্সবাজার নৌপথে যাত্রীভোগান্তি চরমে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহেশখালী-কক্সবাজার নৌ-রুটে (নৌপথে) যাত্রী হয়রানি ও ভোগান্তি চরমে পৌঁছেছে। জেটিঘাটে অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও নৌযান না পাওয়ায় দুর্ভোগের শিকার হচ্ছে যাত্রীরা। গত মঙ্গলবার বিকেলে কক্সবাজার কস্তুরাঘাট জেটিতে যাত্রীদের এ রকম দুর্ভোগের চিত্র দেখা গেছে। রুটে পর্যাপ্ত নৌযান না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানান যাত্রীরা। স্থানীয় লোকজন জানান, সাধারণ মানুষ ছাড়াও শরৎ-শীতকালে মহেশখালীতে পর্যটকের সংখ্যা ব্যাপকহারে বেড়ে যায়। স্থানীয়ভাবে থাকা-খাওয়ার উপযুক্ত ব্যবস্থা না থাকায় বেশির ভাগ পর্যটক সকালে এসে সন্ধ্যায় ফিরে যেতে চান। এ সময় নিয়মিত চলাচলকারী নৌযানগুলোর চেয়ে কয়েকগুণ বেশি নৌযানের প্রয়োজন হয় ওই পথে। কিন্তু দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও মহেশখালী-কক্সবাজার নৌপথে পর্যাপ্ত নৌযান বাড়ানোর উদ্যোগ নিচ্ছে না স্থানীয় প্রশাসন। এতে এ মৌসুমে কক্সবাজার-মহেশখালী রুটের যাত্রীদের ভোগান্তির শিকার হতে হচ্ছে। সরেজমিনে দেখা যায়, কক্সবাজার কস্তুরাঘাটে বিপুলসংখ্যক যাত্রী অপেক্ষা করছেন মহেশখালী যাওয়ার জন্য। ১০ মিনিট পর একটি নৌযান এসে ১০ জন করে যাত্রী নিয়ে ছেড়ে যাচ্ছে। ততক্ষণে আরও নতুন যাত্রী জড়ো হচ্ছেন ঘাটে। নৌযানের জন্য অপেক্ষমাণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র আনোয়ার হোসেন, কামাল উদ্দিন ও আরফাত হোসেন জানান, ‘এখানে ঘণ্টাখানেক অপেক্ষার পর স্পিডবোট পাওয়া যায়। অপেক্ষা করতে করতে বিরক্তি এসে যায়। নৌযানের সংখ্যা বাড়ানো হলে দুর্ভোগ কিছুটা কমত।’ ঢাকার ধানমন্ডি আবাসিক এলাকা থেকে আসা পর্যটক জসিম উদ্দিন বলেন, ‘আদিনাথ মন্দির ও রাখাইন বৌদ্ধবিহার দেখতে এসে জেটিঘাটে যে রকম কষ্ট ভোগ করতে হয়েছে, তা কখনো ভোলা যাবে না। এ রকম কষ্ট পাব জানলে এখানে আসতাম না।’ স্থানীয় প্রশাসনের পক্ষে দায়িত্বপ্রাপ্ত ঘাট পরিচালক প্রদীপ কুমার রুদ্র জানান, সকালে মহেশখালী থেকে লোকজন যে হারে কক্সবাজার আসেন সে অনুপাতে কক্সবাজার থেকে মহেশখালী যান না। আবার বিকেলে কক্সবাজার থেকে যে হারে লোকজন মহেশখালী যান সে অনুপাতে মহেশখালী থেকে কক্সবাজার আসেন না। এ কারণে দুই জেটিঘাটে নৌযান না আসা পর্যন্ত যাত্রীদের ১৫ মিনিটের মতো অপেক্ষা করতে হচ্ছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন প্রথম আলোকে বলেন, ‘যাত্রীদের পারাপারের সুবিধার জন্য মহেশখালী-কক্সবাজার নৌ-রুটে অতিরিক্ত ছয়টি কাঠের বোট নামানো হয়েছে। কিন্তু যাত্রীরা এসব কাঠের বোটে চড়তে চান না। অন্যদিকে অতিরিক্ত ব্যয়বহুল হওয়ায় স্পিডবোট নামানো সম্ভব হচ্ছে না।’ তিনি বলেন, ‘এ মৌসুমে সাধারণ যাত্রীর পাশাপাশি পর্যটকের সংখ্যা বাড়বে এটা স্বাভাবিক।’