মহেশখালী চ্যানেলে বাঁশের ফাঁদ দিয়ে মাছ শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেলে বাঁশের খুঁটি গেড়ে নিষিদ্ধ জাল টাঙিয়ে ধরা হচ্ছে মাছ। উপজেলার উপকূলজুড়ে এমন কয়েক শ মাছ ধরার ফাঁদ বসিয়েছেন জেলেরা। এতে মাছের সঙ্গে মারা পড়ছে সামুদ্রিক প্রা​ণী ও মাছের পোনা। ছবিটি ২ সেপ্টেম্বর মহেশখালী চ্যানেলের শাপলাপুর এলাকা থেকে তোলা l প্রথম আলো
বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেলে বাঁশের খুঁটি গেড়ে নিষিদ্ধ জাল টাঙিয়ে ধরা হচ্ছে মাছ। উপজেলার উপকূলজুড়ে এমন কয়েক শ মাছ ধরার ফাঁদ বসিয়েছেন জেলেরা। এতে মাছের সঙ্গে মারা পড়ছে সামুদ্রিক প্রা​ণী ও মাছের পোনা। ছবিটি ২ সেপ্টেম্বর মহেশখালী চ্যানেলের শাপলাপুর এলাকা থেকে তোলা l প্রথম আলো

কক্সবাজারের মহেশখালী উপজেলায় বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেলের বিভিন্ন স্থানে অবৈধভাবে বাঁশের ফাঁদ দিয়ে অবাধে মাছ শিকার চলছে। এসব ফাঁদে ব্যবহার করা হচ্ছে নিষিদ্ধ চর জাল, কারেন্ট জাল ও বিহিঙ্গি জাল। ফলে মাছের পাশাপাশি মারা পড়ছে নানা প্রজাতির সামুদ্রিক মাছ ও প্রাণীর পোনা।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, মহেশখালী চ্যানেলের গোরকঘাটা, আদিনাথ মন্দির–সংলগ্ন এলাকা, মুদিরছড়া, শাপলাপুর ইউনিয়নের বারিয়াপাড়া, জেমঘাট, ষাইটমারা, বদরখালী–সংলগ্ন এলাকা, মাতারবাড়ি, ধলঘাটা, সোনাদিয়া, ঘটিভাঙা, তাজিয়াকাটা, বড়দিয়া, ঝাপুয়া, হামিদারদিয়া চর এলাকাসহ অন্তত এক শ কিলোমিটার এলাকাজুড়ে সাড়ে তিন শ বাঁশের ফাঁদ বসিয়ে জেলেরা মাছ শিকার করছেন। এসব ফাঁদের পাশাপাশি চ্যানেলে আরও তিন শ বেড় জাল ও দুই শ বিহিঙ্গি জাল বসানো হয়েছে। প্রতিবছর কোস্টগার্ডের সহায়তা নিয়ে অভিযান চালিয়ে মৎস্য বিভাগ এসব ফাঁদ ও জাল ধ্বংস করলেও এভাবে মাছ শিকার বন্ধ করা যায়নি।
গত ২৮ আগস্ট ছোট মহেশখালী ইউনিয়নের মুদিরছড়া গ্রামসংলগ্ন বঙ্গোপসাগরের চ্যানেলে গিয়ে দেখা গেছে, চ্যানেলে কিছুদূর পরপর অন্তত ১৫টি মাছ ধরার ফাঁদ বসানো হয়েছে। এসব ফাঁদের দৈর্ঘ্য দুই শ থেকে পাঁচ শ মিটার। জেলেরা জানান, চ্যানেলে জোয়ার এলে তাঁরা বাঁশের ফাঁদের ওপর নিষিদ্ধ জাল টাঙিয়ে দেন। পরে ভাটার সময় পানি নেমে গেলে ফাঁদের ভেতরে বিভিন্ন প্রজাতির মাছ আটকা পড়ে। কোরাল, বাটা, ইলিশ, চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরতে তাঁরা এসব ফাঁদ বসিয়েছেন।
একই দৃশ্য দেখা গেছে মহেশখালীর আদিনাথ মন্দিরের জেটি ও গোরকঘাটা জেটিসংলগ্ন এলাকা, সোনাদিয়া চর এলাকা, হামিদারদিয়া চর এলাকা, তাজিয়াকাটা ও ঘটিভাঙায়।
ছোট মহেশখালী ইউনিয়নের জালিয়াপাড়ার জেলে নুরুল ইসলাম ও হামেদ হোসেন বলেন, পেটের দায়ে সাগরে নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার করছেন তাঁরা। এভাবে মাছ শিকার করতে গিয়ে অনেক প্রজাতির মাছের পোনা মারা যাচ্ছে বলেও স্বীকার করেন তাঁরা।
জানতে চাইলে মহেশখালী উপজেলা মৎস্য কর্মকর্তা ছাবেদুল হক প্রথম আলোকে বলেন, মহেশখালী চ্যানেলে আড়াআড়ি বাঁশের ফাঁদ বিসয়ে মাছ শিকার করা সম্পূর্ণ নিষিদ্ধ। এরপরও মহেশখালী চ্যানেলে এভাবে মাছ শিকার করা হচ্ছে। তিনি বলেন, প্রতি মাসে চার-পাঁচবার কোস্টগার্ড নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিপুল পরিমাণ কারেন্ট জালসহ নিষিদ্ধ জাল উদ্ধার করা হলেও তা একেবারে বন্ধ হচ্ছে না। কারণ, কয়েক দিন না যেতেই জেলেরা বাজার থেকে জাল কিনে সাগরে মাছ শিকার করেন। এভাবে মাছ শিকার বন্ধে অচিরেই মহেশখালী চ্যানেলে অভিযান পরিচালনা করা হবে।