মহেশখালী ছাত্রদলে ত্রিমুখী কোন্দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ত্রিমুখী কোন্দলে জর্জরিত কক্সবাজারের মহেশখালী উপজেলা ছাত্রদল। এতে সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। উপজেলা ছাত্রদলের এই বিভক্তি ছড়িয়েছে তৃণমূলেও। ফলে হতাশ ছাত্রদলের নেতা-কর্মীরা।

জানা গেছে, গত ২০০৩ সালের নভেম্বর মাসে সম্মেলনের মাধ্যমে নছর উল্লাহকে সভাপতি ও মোস্তফা কামালকে সাধারণ সম্পাদক করে মহেশখালী উপজেলা ছাত্রদলের কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের পর মাঠ পর্যায়ে ছাত্রদলের কার্যক্রম অনেকটা চাঙা হলেও বিএনপির নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতা ছাড়ার পর দলের কার্যক্রম অনেকটা ঝিমিয়ে পড়ে।
এতে ক্ষুব্ধ হয়ে কক্সবাজার জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ মহেশখালী উপজেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং গত বছরের ১৯ জুন জাহিদুল হককে আহ্বায়ক করে ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির ঘোষণা দেন। তবে এই সিদ্ধান্ত একপেশে বিবেচনা করে কক্সবাজার জেলা ছাত্রদলের সভাপতি ছৈয়দ আহমদও উপজেলা ছাত্রদলের সম্মেলন প্রস্তুতি কমিটির ঘোষণা দেন। এই কমিটির আহ্বায়ক করা হয় আজিজুল করিমকে। তবে আগের কমিটি আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত না করায় মহেশখালী উপজেলা ছাত্রদলে কার্যত তিনটি ধারার সৃষ্টি হয়।
এ নিয়ে হতাশ সাধারণ কর্মীরা জানান, তিনটি ধারা সৃষ্টি হওয়ায় উপজেলায় ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম ঝিমিয়ে পড়েছে। দুই আহবায়ক কমিটির নেতারা ইউনিয়ন পর্যায়ে পাল্টা-পাল্টি কমিটি ঘোষণা করায় বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে সাধারণ কর্মীদের অংশগ্রহণও কমে যাচ্ছে।
মহেশখালী উপজেলা ছাত্রদলের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আজিজুল করিম বলেন, ‘ছাত্রদলের গঠনতন্ত্র অনুযায়ী কমিটির ঘোষণা দেওয়ার এখতিয়ার জেলা সভাপতির। আর জেলা সভাপতির নির্দেশে গত বছরের ২৫ জুন আমি দায়িত্ব নিই। এখন বিভিন্ন ইউনিয়নে কমিটি গঠনের কার্যক্রম চলছে।’
মহেশখালী উপজেলা ছাত্রদলের আহবায়ক জাহেদুল হক বলেন, ‘জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ উপজেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত করে আহবায়ক কমিটির ঘোষণা দেন। কিন্তু মাঠ পর্যায়ে ছাত্রদলের কার্যক্রমে বাধাগ্রস্ত করতে অবৈধভাবে পাল্টা সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা দেন জেলা সভাপতি।’
এদিকে, মহেশখালী উপজেলা ছাত্রদলের সভাপতি নছর উল্লাহ বলেন, ‘আমার কমিটি এখনো ভেঙে দেওয়া হয়নি। কিন্তু জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক দুজনই পাল্টা-পাল্টি কমিটির ঘোষণা দিয়ে গঠনতন্ত্র পরিপন্থী কাজ করেছেন।’
এ ব্যাপারে কক্সবাজার জেলা ছাত্রদলের সভাপতি ছৈয়দ আহম্মদ বলেন, ‘কমিটি ভেঙে কমিটি দেওয়ার এখতিয়ার সাধারণ সম্পাদকের নেই। কিন্তু আমার সঙ্গে কোনো আলোচনা না করেই সাধারণ সম্পাদক তাঁর একক সিদ্ধান্তে একটি আহবায়ক কমিটি গঠন করেছেন।’ তিনি আরও বলেন, নছর উল্লাহর নেতৃত্বাধীন কমিটির কার্যক্রম ঝিমিয়ে পড়ার কারণে সম্মেলন করার জন্য প্রস্তুতি কমিটি গঠন করা হয়।
এ ব্যাপারে কক্সবাজার জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ বলেন, উপজেলা ছাত্রদলের আগের কমিটি বিলুপ্ত করে জাহিদুল হককে আহ্বায়ক করে ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। কেন্দ্রের নির্দেশনা পেয়েই এই পদক্ষেপ নেওয়া হয়। সে কারণে এটিই উপজেলা ছাত্রদলের বৈধ কমিটি।