মহেশখালী ছাত্রদলে প্রকাশ্য বিরোধ
কক্সবাজারের মহেশখালী উপজেলা ছাত্রদলের নতুন কমিটি নিয়ে প্রকাশ্য রূপ নিয়েছে বিরোধ। ইতিমধ্যে ওই কমিটি বাতিলের দাবিতে ছাত্রদলের একাংশ এলাকায় হরতাল ও বিক্ষোভ সমাবেশ করেছে।
দলীয় সূত্র জানায়, ২০০৩ সালের নভেম্বর মাসে সম্মেলনের মাধ্যমে উপজেলা ছাত্রদলের কমিটি গঠন করা হয়। এতে নছর উল্লাহকে সভাপতি ও মোস্তফা কামালকে সাধারণ সম্পাদক করা হয়। কিন্তু বিএনপির নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতা ছাড়ার পর ঝিমিয়ে পড়ে ছাত্রদলের কার্যক্রম। এরপর ২০১২ সালের ১৯ জুন জেলা ছাত্রদলের তৎকালীন সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ উপজেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত করে জাহিদুল হককে আহ্বায়ক করে ১৯ সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদন দেন। এদিকে কিছুদিন পর ছাত্রদলের তখনকার সভাপতি সৈয়দ আহমদ আজিজুল করিমকে আহ্বায়ক করে সম্মেলন প্রস্ত্ততি কমিটি ঘোষণা করেন। এভাবে চলে আসছিল আগস্ট মাস পর্যন্ত।
এরপর গত ২৭ সেপ্টেম্বর জেলা ছাত্রদলের বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক ১০ সদস্যের উপজেলার নতুন ঘোষণা করেন। এতে আজিজুল করিমকে সভাপতি ও এম মোর্শেদ আলমকে সাধারণ সম্পাদক করা হয়। কিন্তু সম্মেলন ছাড়া কমিটি করায় উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বয়ক জাহিদুল হকের নেতৃত্বে গত ৩০ সেপ্টেম্বর অর্ধদিবস হরতাল ও বিক্ষোভ সমাবেশ করে। এরপর থেকে দুই পক্ষই আলাদা আলদা কর্মসূচি পালন করছে। ছাত্রদলকর্মীরা জানান, কমিটি নিয়ে কোন্দল ছড়িয়ে পড়েছে তৃণমূলেও। ফলে কোনো কর্মসূচিই ঠিকভাবে পালন করা যাচ্ছে না।
উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জাহিদুল হক বলেন, নিয়মবহির্ভূতভাবে ও সম্মেলন ছাড়াই আজিজুল করিমকে দিয়ে উপজেলা ছাত্রদলের গঠন করা হয়েছে। অথচ আজিজুল যুক্তরাজ্যের বঙ্গবন্ধু পরিষদের সদস্য ছিলেন। তাই বিতর্কিত লোক বাদ দিয়ে গঠনতন্ত্র মতে সম্মেলনের মাধ্যমে ছাত্রদলের উপজেলা কমিটি গঠন করার দাবি জানাচ্ছি। অন্যথায় সামনে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
এ প্রসঙ্গে উপজেলা ছাত্রদলের সভাপতি আজিজুল করিম বলেন, মাঠ পর্যায়ে ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের মতামতের ভিত্তিতে জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক গঠনতন্ত্রের আলোকে নতুন কমিটি ঘোষণা করেছেন। যুক্তরাজ্যে বঙ্গবন্ধু পরিষদের সদস্য থাকার অভিযোগ ভিত্তিহীন দাবি করে তিনি বলেন, ছাত্রদলকে তৃণমূল পর্যায়ে সংগঠিত করতে পুরোদমে সাংগঠনিক কাজ চলছে।
জানতে চাইলে কক্সবাজার জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনির উদ্দিন বলেন, মহেশখালী উপজেলা ছাত্রদলের মাঠ পর্যায়ের নেতা-কর্মীদের নিয়ে গত ৮ সেপ্টেম্বর কক্সবাজার জেলা বিএনপির কার্যালয়ে কর্মীসভা অনুষ্ঠিত হয়। সভায় নেতা-কর্মীরা ছাত্রদলের কমিটি নিয়ে মতামত দেন। পরে যাচাই-বাছাই করে কমিটি ঘোষণা করা হয়েছে।