মহেশখালী জেটিতে ভাটার ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহেশখালী জেটির দুই পাশ ভরাট হচ্ছে সমানে। ফলে স্পিডবোট ও ইঞ্জিনচালিত নৌকায় সাগর পাড়ি দিয়ে এসে নামতে হয় ঘাট থেকে প্রায় তিন শ গজ দূরে। এরপর কূলে ওঠার ভরসা ‘নৌকাসেতু’। এ নিয়ে প্রতিদিন ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। ব্যাঘাত হচ্ছে মালামাল ওঠানো-নামানোও। ১২ বছর ধরে এ অবস্থা চললেও পৌরসভা কর্তৃপক্ষ এখনো জেটি সম্প্রসারণের উদ্যোগ নিচ্ছে না। স্থানীয় বড় মহেশখালী ইউনিয়নের জাগিরাঘোনার বাসিন্দা আনোয়ার হোসেন ও মোহাম্মদ আলমগীর জানান, জেটি থেকে প্রতিবছর পৌর কর্তৃপক্ষ লাখ লাখ টাকার রাজস্ব আদায় করলেও জেটি সম্প্রসারণে কোনো মাথাব্যথা নেই। যাত্রীদের দুর্ভোগ দিন দিন বাড়ছে। বিশেষ করে নারী ও শিশুদের পারাপারে কষ্ট সইতে হচ্ছে বেশি। তাঁরা জেটি সম্প্রসারণের দাবি জানান।জানা গেছে, মহেশখালী উপজেলার গোরকঘাটার পূর্ব পাশে ১৯৮৮ সালে এক কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ৫০০ মিটার দৈর্ঘ্য ও ৩ দশমিক ৩ মিটার প্রস্থের জেটিটি নির্মাণ করা হয়। পরে সাগরপাড় ভরাট হয়ে যাওয়ায় ২০০০ সালে আবার এক কোটি টাকা ব্যয়ে জেটি ১০০ মিটার সম্প্রসারণ করা হয়। সরেজমিনে দেখা গেছে, সংস্কারের অভাবে জেটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ফাটল দেখা দিয়েছে বিভিন্ন স্থানে। ভেঙে পড়ছে রেলিংও। এ ছাড়া কূলে ওঠার জন্য ‘নৌকাসেতু’ পাড়ি দিতে গিয়ে ছোটখাটো দুর্ঘটনার শিকার হচ্ছেন যাত্রীরা। এ সময় মানুষজট লেগে যাচ্ছে। অনেকে হাঁটুপরিমাণ কাদা মাড়িয়ে কূলে উঠছেন। গোরকঘাটা বাজারের ব্যবসায়ী নুরুল আলম বলেন, জেটির এই অবস্থার জন্য মালামাল ওঠানো-নামানোতে খরচ বেড়ে গেছে। অনেক সময় কাদাতে পড়ে মালামাল নষ্টও হচ্ছে।স্থানীয় পৌর কাউন্সিলর মোহাম্মদ জামালুর রশিদ জানান, এই দুর্ভোগের জন্য পর্যটকেরা ভাটার সময় মহেশখালীতে আসতে চান না। দ্রুত জেটির আশপাশ খনন অথবা সম্প্রসারণ করা জরুরি হয়ে পড়েছে।এ প্রসঙ্গে পৌরসভার উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ সাইয়েদুল আলম বলেন, ইতিমধ্যে প্রায় এক কোটি টাকা ব্যয়ে রেলিং মেরামত, রাস্তা সংস্কার ও দুইপাশে বাতি লাগানো হয়েছে। কিন্তু জেটি সম্প্রসারণ ও যাত্রী ছাউনি করার পরিকল্পনা থাকলেও পর্যাপ্ত বাজেট না থাকায় তা বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না।