মহেশখালী জেটির সংস্কার ২২ বছরেও হয়নি
২২ বছর ধরে সংস্কার হয়নি কক্সবাজারের মহেশখালী উপজেলার গোরকঘাটা জেটির। জেটির বিভিন্ন জায়গায় ফাটল ধরা এবং রেলিং ভেঙে যাওয়ায় জেটির ওপর দিয়ে রিকশা তো দূরের কথা, পায়ে হেঁটে চলাচল করাও প্রায় অসম্ভব হয়ে পড়েছে। জেটি পার হতে গিয়ে স্থানীয় লোকজন ছাড়াও দূরদূরান্ত থেকে আসা পর্যটকেরাও চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। স্থানীয় সূত্র জানায়, জেটি নিলাম দিয়ে প্রতিবছর মহেশখালী পৌর কর্তৃপক্ষ ৪০-৫০ লাখ টাকা রাজস্ব আদায় করলেও জেটি সংস্কারের ব্যাপারে তাদের কোনো মাথাব্যথা নেই। ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধিরা। জানা গেছে, উপজেলার গোরকঘাটার পূর্ব পাশে ১৯৮৮ সালে প্রায় এক কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ৫০০ মিটার দীর্ঘ জেটিটি নির্মাণ করা হয়। নির্মাণের ২২ বছরের মধ্যে এটি সংস্কার করা হয়নি। ইতিমধ্যে জেটির বিভিন্ন স্থানে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। ভেঙে গেছে জেটির দুই পাশের রেলিং। জেটির ওপর দিয়ে একসময় যানবাহন চলাচল করলেও গত পাঁচ বছর ধরে তা বন্ধ রয়েছে। জানা গেছে, জেটির নিচে ও দুই পাশে নদী ভরাট হয়ে যাওয়ায় ২০০০ সালে প্রায় এক কোটি টাকা ব্যয়ে জেটিটি ১০০ মিটার সম্প্রসারণ করা হয়। কিন্তু তা কোনো কাজে আসছে না। বিশেষ করে ভাটার সময় যাত্রীদের জেটি থেকে কাদামাটি ও হাঁটুপানিতে নেমে বোটে উঠতে হয়। এ অবস্থায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েন নারী ও শিশুরা। তবুও যাতায়াতের বিকল্প পথ না থাকায় বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাত্রীরা এ জেটি দিয়ে মহেশখালী থেকে কক্সবাজার শহরে যাতায়াত করছেন। গোরকঘাটার বাসিন্দা মাহমুদুল হক ও নেছার আহমদ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘জেটি থেকে প্রতিবছর পৌর কর্তৃপক্ষ লাখ লাখ টাকার রাজস্ব আদায় করলেও জেটিটি সংস্কারের কোনো উদ্যোগ নিচ্ছে না। গত ২০০৯-১০ অর্থবছরে ইজারা খাতে ৪০ লাখ টাকা আয় হয়েছে বলে তিনি জানান। পৌর কাউন্সিলর মোহাম্মদ জামালুর রশিদ বলেন, ‘জরুরি ভিত্তিতে জেটিটি সংস্কার করা দরকার।’মহেশখালী পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র পূর্ণচন্দ্র দে প্রথম আলোকে বলেন, ‘জেটিটি সংস্কার করার জন্য ১০ লাখ টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। কিন্তু মামলাসংক্রান্ত জটিলতার কারণে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। অচিরেই প্রকল্পটির দরপত্র আহ্বান করা হবে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন প্রথম আলোকে বলেন, ‘জেটিটি সংস্কারের জন্য পৌর কর্তৃপক্ষকে অনেক বলা হলেও কোনো কাজ হয়নি। ফলে যাত্রীসাধারণের পাশাপাশি পর্যটকেরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।