মহেশখালী পরিবার পরিকল্পনা কার্যক্রমে ধীরগতি
মহেশখালীতে মাঠ পর্যায়ে পরিবার পরিকল্পনা কার্যক্রম ধীরগতিতে চলছে। এ কারণে এলাকায় জনসংখ্যা আশঙ্কাজনকহারে বাড়ছে। প্রত্যন্ত গ্রামের ঘরে ঘরে গিয়ে ইউনিয়ন পরিবার কল্যাণ সহকারীরা জন্মহার নিয়ন্ত্রণে রাখতে জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির পাশাপাশি বিনা মূল্যে জন্মনিয়ন্ত্রণের বড়ি দেওয়ার নিয়ম থাকলেও মাঠ পর্যায়ে না গিয়ে কিছু চিহ্নিত ঘরে বসে পরিবার কল্যাণ সহকারীদের কাজ করার অভিযোগ দীর্ঘ দিনের। মাঠ পর্যায়ে পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যসেবার চিত্র নিয়ে সম্প্রতি বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ফ্রেবের উদ্যোগে উপজেলা হাসপাতালের সম্মেলনকক্ষে সেবা গ্রহীতা ও দাতাদের নিয়ে সংলাপ অনুষ্ঠানে সেবা গ্রহীতারা এ অভিযোগ করেছেন। তবে অনেক দিন পর ফ্রেবের মাধ্যমে এলাকার লোকজন পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যসেবা নিয়ে সেবাদাতাদের সামনে নানা সমস্যা ও অনিয়মের কথা তুলে ধরেন। এলাকার লোকজন মাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবার বেহাল দশা ও পরিবার পরিকল্পনার বিভিন্ন বিষয় নিয়ে সেবাদাতাদের সঙ্গে আলোচনা করেন। সেবাগ্রহীতাদের নানা প্রশ্নের জবাব দেন সেবাদাতারা। সংলাপে কুতুবজোম আদর্শ ফ্রেবের নির্বাহী পরিচালক ফরিদুল আলমের সভাপতিত্বে সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কাউসার হোসেন।