মহেশখালী পৌর বিএনপির কর্মিসভায় দলের পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান
কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী বলেছেন, এ দেশে বর্তমানে মানুষের জানমালের নিরাপত্তা নেই। মৌলিক অধিকার চরমভাবে ক্ষুণ্ন হচ্ছে। এ জন্য দলকে তৃণমূলে শক্তিশালী করে অগণতান্ত্রিক শাসনের বিরুদ্ধে ও বিএনপির পক্ষে জনমত গড়ে তুলতে হবে।
১৮ মার্চ মহেশখালী উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত মহেশখালী পৌর বিএনপির নবগঠিত কমিটি প্রথম কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি মনজুর আলম।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক হামিদুল হকের পরিচালনায় অনুষ্ঠিত কর্মিসভায় বক্তব্য দেন জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও কুতুবদিয়া উপজেলার চেয়ারম্যান এ টি এম নজরুল বশর চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না, সাংগঠনিক সম্পাদক জামিল ইব্রাহিম, যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, কেন্দ্রীয় যুবদল নেতা এম মোকতার আহমদ প্রমুখ। সভায় নেতারা দলকে তৃণমূলে শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন। —মহেশখালী প্রতিনিধি