মহেশখালী পৌরসভা খ শ্রেণীতে উন্নীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী পৌরসভাকে গ শ্রেণী থেকে খ শ্রেণীতে উন্নীত করা হয়েছে। গত তিন বছরে পৌরসভার রাজস্ব খাতের গড় আয় ৬০ লাখ টাকার বেশি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ-সংক্রান্ত আদেশ জারি করে। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, পৌরসভা খ শ্রেণীতে উন্নীত হওয়ার ফলে এলাকার উন্নয়ন ও নাগরিক সুবিধা বাড়বে। পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, মহেশখালী পৌরসভাকে গ শ্রেণী থেকে খ শ্রেণীতে উন্নীত করার জন্য পৌর মেয়র মকছুদ মিয়া গত বছর আগস্ট মাসে স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে আবেদন জানান। সচিব ওই আবেদনের যৌক্তিকতা যাচাই করে প্রতিবেদন দেওয়ার জন্য কক্সবাজার জেলা প্রশাসককে নির্দেশ দেন। জেলা প্রশাসক পৌরসভার গত তিন বছরের গড় রাজস্ব আয় ৮৩ লাখ ২২ হাজার টাকা হওয়ায় মহেশখালী পৌরসভাকে খ শ্রেণীতে উন্নীত করার পক্ষে সুপারিশ করেন। পৌরসভার সচিব মোহাম্মদ নেজামুল হক জানান, পৌরসভা খ শ্রেণীতে উন্নীত হওয়ায় ফলে পৌর এলাকার উন্নয়ন ও নাগরিক সুবিধা বৃদ্ধির সম্ভাবনা তৈরি রয়েছে।