মহেশখালী পৌরসভার কাজ চলছে পরিত্যক্ত ভবনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে চলছে কক্সবাজার জেলার মহেশখালী পৌরসভার কার্যক্রম। জরাজীর্ণ পুরোনো এই ভবনের ছাদের পলেস্তারা খসে পড়েছে, দেয়ালে দেখা দিয়েছে অসংখ্য ফাটল। বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা নিয়ে কাজ করছেন পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা।জানা গেছে, ২০০১ সালের ৫ জুলাই মহেশখালী পৌরসভা গঠিত হওয়ার পর থেকে পরিত্যক্ত ভবনে অস্থায়ীভাবে কার্যক্রম চালছে। ২০০৫ সালে প্রায় এক কোটি ব্যয়ে নতুন ভবন নির্মাণ শুরু হলেও কাজ শেষ করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। আট মাস ধরে নতুন ভবনের নির্মাণকাজ বন্ধ রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, পৌর ভবন নির্মাণ করার জন্য ২০০৫ সালের মে মাসে প্রায় এক কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। আর ওই নির্মাণকাজের দায়িত্ব পায় মেসার্স লাকি ট্রেডার্স। ২০০৫ সালে শুরু হওয়া নির্মাণকাজ ২০০৬ সালের জুন মাসে শেষ করার কথা ছিল। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান ২০১০ সালেও তা শেষ করতে পারেনি। ২০১০ সালের নভেম্বর থেকে পৌর ভবনের নির্মাণকাজ বন্ধ রয়েছে। গত রোববার বিকেলে গিয়ে দেখা গেছে, পৌর ভবনের নির্মাণকাজ পুরোপুরি শেষ হয়নি। ভবনের অনেক কক্ষের দেয়াল নির্মাণ করা হয়নি। এ ব্যাপারে সংশ্লিষ্ট নির্মাণকাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার আবদুল মতিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। পাশেই জরাজীর্ণ ভবনে পৌরসভার কার্যক্রম চলতে দেখা গেছে। আর অস্থায়ী ভবনে বিভিন্ন স্থানে দেখা দিয়েছে বড় বড় ফাটল। এ ছাড়া ছাদের বিভিন্ন স্থানের পলেস্তারা খসে গেছে। পৌরসভার হিসাবরক্ষক কর্মকর্তা মোহাম্মদ নাজেম উদ্দিন প্রথম আলোকে জানান, ‘মৃত্যুর ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনে কার্যালয়ের কার্যক্রম চলছে। যেকোনো মুহূর্তে পরিত্যক্ত ভবন ধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।’ এ প্রসঙ্গে মহেশখালী পৌরসভার মেয়র মকছুদ মিয়া প্রথম আলোকে বলেন, ‘জীবনের ঝুঁকি নিয়ে আমরা কার্যালয়ের কার্যক্রম চালাচ্ছি। ঠিকাদার নতুন ভবনের কাজ শেষ না করে পালিয়ে গেছে। ঠিকাদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’ শিক্ষাপ্রতিষ্ঠানে বিনা মূল্যে চারা বিতরণ