মহেশখালী বালিকা উচ্চবিদ্যালয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান
কক্সবাজারের মহেশখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত রোববার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-২ আসনের সাংসদ আশেক উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন জয়নাব আরা বেগম, তসলিমা বেগম ও আনোয়ার পাশা চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা খাতুন।
প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশ পরিচালনা করে যাচ্ছে। আর ২০২১ সালে শতভাগ শিক্ষা নিশ্চিত করতে একদিনে ৩০ কোটি বই উপহার দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি পর্যায়ক্রমে এই বিদ্যালয়কে কলেজ পর্যায়ে উন্নীত করার উদ্যোগ নেওয়ার ঘোষণা দেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এম আজিজুর রহমান, ওমরা মিয়া সিকদার, মো. জহির উদ্দিন, নাছির উদ্দিন, নাজেম উদ্দিন, হেলাল উদ্দিন, সাধন চন্দ্র দে, লিপি গুহ, সন্তোষ কুমার দত্ত, সিদুল কান্তি দে, আব্দুল মান্নান প্রমুখ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। —মহেশখালী প্রতিনিধি