মহেশখালী বিএনপিতে বিরোধ
কমিটি ঘোষণা নিয়ে কক্সবাজারের মহেশখালী উপজেলায় দ্বিধা-বিভক্ত হয়ে পড়েছেন বিএনপির নেতারা। তাঁদের বিরোধ এখন প্রকাশ্য রূপ নিয়েছে। প্রতিদিন একে অপরের বিরুদ্ধে মিছিল-সমাবেশ করে ও পাল্টাপাল্টি বিবৃতি দিয়ে মাঠ গরম রাখছেন।
দলীয় সূত্র জানায়, ৮ সেপ্টেম্বর জেলা বিএনপি মহেশখালী উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করে। এতে নুরুল আলমকে সভাপতি ও আবু বক্কর সিদ্দিককে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। পরদিন ওই কমিটিকে ‘পকেট কমিটি’ ঘোষণা দিয়ে বিএনপির সাবেক সাংসদ আলমগীর ফরিদ ও তাঁর সমর্থকেরা এলাকায় বিক্ষোভ মিছিল করেন এবং ওই কমিটি বাতিলের দাবি জানান। এর পর থেকে দুই পক্ষের মধ্যে কমিটির বৈধতা নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচি চলছে।
গত শনিবার জেলা বিএনপির সভাপতি-সম্পাদক গণমাধ্যমে বিবৃতি দিয়ে নুরুল আলম ও আবু বক্করের নেতৃত্বাধীন নতুন কমিটিকে বৈধ এবং বহিষ্কৃত আলমগীর ফরিদ ও তাঁর সমর্থকেরা বিএনপির কেউ নন বলে ঘোষণা দেন।
বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, আলমগীর ফরিদ ও তাঁর ভাতিজা হাবিব উল্লাহ এখন বিএনপির কেউ নন। তাঁরা সরকারি দল আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের জন্য নিজেদের বিএনপি নেতা দাবি করে বিভিন্ন কর্মসূচি দিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন। কারণ, আলমগীর ফরিদ হচ্ছেন উখিয়া-টেকনাফের আওয়ামী লীগদলীয় বিতর্কিত সাংসদ আবদুর রহমান বদির ভায়রা এবং মহেশখালী-কুতুবদিয়া আসনের আওয়ামী লীগের সাংসদ আশেক উল্লাহ রফিকের চাচা। গত উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী আবু বক্করের বিরুদ্ধে আরেক প্রার্থী দঁাড় করান আলমগীর ফরিদ। ফলে, আওয়ামী লীগ–সমর্থিত প্রার্থী জয়লাভ করেন। এই কারণে কেন্দ্রীয় বিএনপি আলমগীর ফরিদকে দল থেকে বহিষ্কার করে।
এ প্রসঙ্গে জানতে চাইলে জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী বলেন, আলমগীর ফরিদ এখন বিএনপির বহিষ্কৃত নেতা। তঁার সঙ্গে বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের সম্পর্ক থাকার কথা না।
এদিকে আলগীর ফরিদের অনুসারী ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবু তাহের সিকদার বলেন, জেলা বিএনপির ঘাড়ে দলছুট ও সুবিধাবাদীদের ভূত ভর করছে। তঁারা বিএনপিকে দুর্বল করে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন। কেন্দ্রে ভুল ও অসত্য তথ্য দিয়ে আলমগীর ফরিদকে বহিষ্কার আদেশ জারি করালেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া তঁাকে (আলমগীর ফরিদকে) দল ও জনগণের জন্য কাজ করার নির্দেশ দিয়েছেন। তাই বহিষ্কার আদেশ প্রত্যাহার সময়ের ব্যাপার মাত্র।
আলমগীর ফরিদ বলেন, ‘কক্সবাজার শহরের হোটেলে বসে ওই পকেট কমিটি ঘোষণা দেওয়া হয়েছে, যাতে দলের গঠনতন্ত্র মানা হয়নি। বিএনপির একটি প্রভাবশালী চক্র রাজনৈতিকভাবে হেয় করার জন্য আমাকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দেয়। আমি বেগম খালেদা জিয়ার রাজনীতি করি।’
নতুন কমিটির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক বলেন, ‘জনগণের ভোটে আমি এই উপজেলায় দুবার চেয়ারম্যান নির্বাচিত হই। জনগণকে সঙ্গে নিয়ে বিএনপিকে চাঙা করতে চাই।’