মহেশখালীতে অচল ৩৬০০ কৃষি হিসাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার কৃষকেরা ব্যাংকমুখী হচ্ছেন না। লেনদেন না হওয়ায় এখন ৩ হাজার ৬০০ কৃষি হিসাব অনেকটা অচল হয়ে পড়ে আছে। এসব হিসাবে লেনদেন করার ব্যাপারে কৃষকদের বারবার বোঝানো হলেও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যাংকের কর্মকর্তারা।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, সরকারের দেওয়া সেচ খাতে বোরো মৌসুমের কৃষি ভর্তুকি ডিজেলের টাকা তোলার জন্য ২০০৯ সালের নভেম্বর মাসে ১০ টাকার বিনিময়ে স্থানীয় কৃষকেরা কৃষি ব্যাংকের গোরকঘাটা, বড় মহেশখালী, হোয়ানক, কালারমারছড়া, মাতারবাড়ী ও সোনালী ব্যাংক মহেশখালী শাখায় ৩ হাজার ৭০৪টি কৃষি হিসাব খোলেন। এর কিছুদিন পর সরকারের দেওয়া ভর্তুকি টাকা এসব কৃষি হিসাবে জমা হয়। তখন এ এলাকার কৃষকদের জন্য বরাদ্দ আসে ৩৫ লাখ টাকা। ২০১০ সালের মার্চ মাসে কৃষি হিসাব থেকে এসব টাকা তোলেন কৃষকেরা। এরপর সরকার কৃষকদের জন্য আর ভর্তুকির টাকা বরাদ্দ দেয়নি। কৃষকেরাও ওই হিসাবে আর কোনো লেনদেন করেননি।
কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙা এলাকার কৃষক আলী হোসেন ও মোক্তার হোসেন বলেন, ‘সাড়ে ছয় বছর ধরে সরকার কোনো ডিজেলের ভর্তুকির টাকা দিচ্ছে না। এখন চাষ করতেই হিমশিম খেতে হচ্ছে। অন্যের কাছ থেকে ঋণ নিয়ে অনেক কৃষক চাষ করছেন। সেখানে কৃষি হিসাবে টাকা জমা দেওয়ার প্রশ্নই আসে না।’
মাতারবাড়ী ইউনিয়নের মগডেইল এলাকার কৃষক মকছুদ মিয়াও বলেন, ২০১০ সালের মার্চ মাসের শেষের দিকে সরকারের দেওয়া ডিজেলের ভর্তুকি টাকা কৃষি হিসাব থেকে তোলার পর আর ব্যাংকে যাওয়া হয়নি।
উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শামসুল আলম বলেন, ২০১০ সালের শুরুতেই বোরো মৌসুমের সময় কৃষি খাতে ডিজেলের ভর্তুকি জন্য ৩৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। পরে ৩ হাজার ৭০৪ জন কৃষক ৩০ লাখ ৩৩ হাজার টাকা তোলেন, বাকি টাকা ফেরত যায়। এরপর থেকে কৃষকের জন্য আর কোনো ভর্তুকির টাকা আসেনি।
বাংলাদেশ কৃষি ব্যাংক গোরকঘাটা শাখার ব্যবস্থাপক শাখাওয়াত হোসেন বলেন, সরকার কৃষকদের ভর্তুকি টাকার পাশাপাশি ব্যাংকমুখী করতে মাত্র ১০ টাকার বিনিময়ে তাঁদের নামে কৃষি হিসাব খোলার সুযোগ দেন। কিন্তু এই শাখায় ৯০০ কৃষি হিসাবের মধ্যে মাত্র ১০০টি হিসাব চালু থাকলেও বাকিগুলো কৃষি হিসাবে কোনো লেনদেন হচ্ছে না।
এ ছাড়া অন্য শাখাগুলোর কোনো হিসাবেই এখন লেনদেন হচ্ছে না। কৃষকদের ব্যাংকমুখী করতে নানাভাবে উদ্বুদ্ধ করেও কোনো কাজ হয়নি। এ কারণে এসব হিসাব অনেকটা ব্যাংকের বোঝা হয়ে দাঁড়িয়েছে।
সোনালী ব্যাংকের মহেশখালী শাখার ব্যবস্থাপক গোলাম মোস্তফা বলেন, ২০১০ সালের মার্চ মাসে ডিজেল ভর্তুকি টাকা তুলে নেওয়ার পর কৃষকেরা আর ব্যাংকমুখী হননি।