মহেশখালীতে অবাধে কারেন্ট জালের ব্যবহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালীর উপকূলে অবৈধ কারেন্টজাল দিয়ে মাছ শিকার করছেন জেলেরা। এর ফলে কচ্ছপসহ নানা বিরল প্রজাতির সামুদ্রিক প্রাণী মারা পড়লেও প্রশাসন এসব নিষিদ্ধ জাল আটকের উদ্যোগ নিচ্ছে না। এতে ধ্বংস হচ্ছে মহেশখালী উপকূলসংলগ্ন সমুদ্রের জীববৈচিত্র্য।
উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, গোরকঘাটা, আদিনাথ মন্দির সংলগ্ন এলাকা, মুদিরছড়া, শাপলাপুর ইউনিয়নের বারিয়াপাড়া, জেমঘাট, বদরখালী সংলগ্ন এলাকা, মাতারবাড়ি, ধলঘাটা, সোনাদিয়া, ঘটিভাঙ্গা, তাজিয়াকাটা, বড়দিয়া, ঝাপুয়া, হামিদারদিয়াচর এলাকাসহ অন্তত ৭০ কিলোমিটার এলাকা জুড়ে নিষিদ্ধ মশারি জাল, কারেন্ট জাল, বিহিঙ্গি জাল ও চর জাল দিয়ে মাছ ধরছেন জেলেরা। এ ছাড়া সমুদ্রে অন্তত ৪০০টি বেড়জাল জাল বসিয়ে মাছ ধরা হচ্ছে অবাধে।
সমপ্রতি সরেজমিন গিয়ে দেখা গেছে, উপজেলার সোনাদিয়া ,তাজিয়াকাটা, ঘটিভাঙ্গাসহ নানা স্থানে নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ শিকার করছে মাছ শিকারিরা। পাশাপাশি মশারি জাল দিয়ে ধরা হচ্ছে চিংড়ি পোনা।
ধলঘাটা ইউনিয়নের সরইতলার বাসিন্দা কফিল উদ্দিন ও রাজু আহমেদ জানান, ‘সংসার চালানোর মতো নেই কোনো সম্বল। ফলে অভাবের তাড়নায় নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার করছি।’
স্থানীয় সেচ্ছাসেবী সংগঠন উপকূলীয় ফাউন্ডেশনের চেয়ারম্যান রশিদ আহমেদ চৌধুরী বলেন, উপকূলে নিষিদ্ধ কারেন্ট জাল ও মশারিজাল দিয়ে মাছ শিকার করতে গিয়ে কয়েক লাখ বিভিন্ন প্রজাতির মাছ ও সামুদ্রিক প্রাণীর পোনা ধ্বংস হচ্ছে। ব্যাপারে স্থানীয় প্রশাসনের কোনো মাথাব্যাথা নেই। এমন চলতে থাকলে আগামী কয়েক বছরের মধ্যে সাগরে মাছের আকাল দেখা দেবে।
এ প্রসঙ্গে জানতে চাইলে কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস আহমদ প্রথম আলোকে বলেন, ‘চরজাল, কারেন্ট জাল, মশারিজাল ও বিহিংগী জাল আটকের জন্য শিগগিরই অভিযান পরিচালনা করা হবে।’